সাংবাদিক 'হত্যার' ঘটনায় ভারতে পুলিশ বরখাস্ত
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সাংবাদিক যোগেন্দ্র সিং হত্যাকাণ্ডে যুক্ত বলে সন্দেহভাজন পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। রাজ্যের শাহজাহানপুরের ওই সাংবাদিকের পরিবার এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) তদন্ত দাবি করেছে। খবর এনডিটিভির।
নিহত সাংবাদিকের পরিবারের দায়ের করা মামলায় উত্তর প্রদেশের মন্ত্রী রাম মূর্তি ভার্মাকে ‘হত্যাকাণ্ডের’ মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই মন্ত্রী এখন পলাতক।
১ জুন বাড়িতে পুলিশের তল্লাশির সময় আগুনে পুড়ে দগ্ধ হন সাংবাদিক যোগেন্দ্র সিং। ৮ জুন তিনি মারা যান। যোগেন্দ্রর পরিবারের অভিযোগ, তাঁর গায়ে পুলিশই আগুন ধরিয়ে দেয়। পুলিশ বলেছে, একটি অভিযোগের ভিত্তিতে তারা তল্লাশি চালাতে গিয়েছিল। সাংবাদিক যোগেন্দ্র মন্ত্রী ভার্মার বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতিতে জড়িত থাকা নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন।
সাংবাদিক নিহতের ঘটনায় মন্ত্রীর জড়িত থাকার অভিযোগ কেন্দ্র করে উত্তর প্রদেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার পাঁচ পুলিশকে বরখাস্ত করা হয়। গতকাল রাজ্যের পুলিশপ্রধান এ সতীশ গণেশ বলেন, ‘শাহজাহানপুরের পুলিশপ্রধান, থানার পুলিশ কর্মকর্তা শ্রী প্রকাশ রাইসহ পাঁচজনকে বরখাস্ত করেছেন। এই আদেশ দ্রুত কার্যকর হবে।’