সাংসদ পদ হারাচ্ছেন মনমোহন সিং?

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবার সাংসদ পদ হারাতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আসাম থেকে নির্বাচিত এই সদস্যের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ জুন। আসামের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এবার তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন অনেকে। এদিকে ভারতের লোকসভা নির্বাচনেও মনমোহন সিং প্রার্থী হননি। অবশ্য আসামে রাজ্যসভা আসনের নির্বাচনের তফসিল এখনো ঘোষিত হয়নি।
মনমোহন সিং আসাম বিধানসভার বিধায়কদের ভোটে ১৯৯১ সাল থেকে টানা রাজ্যসভার নির্বাচনে বিজয়ী হয়ে এসেছেন। কিন্তু এবার আর সেই সুযোগ খুব কম। কারণ ১২৬ সদস্যের এই বিধানসভায় কংগ্রেসের দখলে রয়েছে মাত্র ২৫টি আসন। বিজেপি একারই রয়েছে ৬১ জন বিধায়ক। আর তাদের জোটসঙ্গীদের দখলে রয়েছে আরও ২৭টি আসন।
এই হিসাবে কংগ্রেস ছাড়াও মনমোহন সিংকে এআইইউডিএফের ১৩ জন সদস্য সমর্থন দিলেও লাভ হবে না। জিততে হলে তাঁকে পেতে হবে অন্তত ৪৩টি ভোট। কিন্তু এবার আসাম বিধানসভায় তিনি সাকল্যে ৩৮ জনের সমর্থন পেতে পারেন। এ কারণেই মনে করা হচ্ছে, ৮৬ বছরের প্রবীণ কংগ্রেস নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের সংসদীয় রাজনীতি এখন বিরাট প্রশ্নের মুখে।