সাংসদ পদে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়
প্রখ্যাত সংগীতশিল্পী ও বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় আজ মঙ্গলবার দুপুরে বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তিনি ইস্তফাপত্র তুলে দেন। এর আগে স্পিকার বাবুল সুপ্রিয়কে তাঁর আবেদনে সাড়া দিয়ে তাঁকে বেলা ১১টায় দেখা করার সময় দেন।
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে গত ১৮ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন, সাংসদ পদে ইস্তফা দেবেন।
বাবুল সুপ্রিয় বিজেপির আসানসোলের সাংসদ হয়ে দুবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান।
এবারের রাজ্য বিধানসভার নির্বাচনের পর ৩১ জুলাই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। তবে তিনি এ কথাও জানিয়ে দেন, তিনি রাজনীতি ছেড়ে দেশসেবা করবেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি বাবুল সুপ্রিয়কে কলকাতার টালিগঞ্জ আসনে বিধায়ক পদে মনোনয়ন দেয়। তবে বাবুল হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে।
বিধানসভায় হারলেও তিনি তাঁর আসানসোলের সাংসদ পদ ছাড়েননি। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হলে বাবুল সুপ্রিয় হারান তাঁর মন্ত্রিত্ব। এরপরই বাবুল সুপ্রিয় মানসিকভাবে ভেঙে পড়েন।
বাবুল সুপ্রিয় এর আগে গত ৩১ জুলাই তাঁর ফেসবুকে লেখেন, ‘চললাম। বিদায়!’
বাবুল সুপ্রিয় ২০১৪ সালে প্রথম বর্ধমানের আসানসোল আসনে সাংসদ হন। হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২০১৯ সালে আবার তিনি সাংসদ হন আসানসোল আসনেই।