সাংসদদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে সংকটে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁরই দলের সদস্যের নেতৃত্বে গঠিত যুগ্ম সংসদীয় কমিটি সাংসদদের বেতন ও ভাতা ১০০ শতাংশ বাড়ানোর সর্বসম্মত সুপারিশ পেশ করেছে। কী করবেন তিনি? বিনা বাক্যে সুপারিশ মানবেন, নাকি এমন কোনো উপায় বাতলাবেন, যাতে নিজেদের বেতন নিজেদের বাড়ানোর লজ্জা থেকে মুক্ত হওয়া যায়?
বিতর্কটা অন্তত পাঁচ বছরের পুরোনো। কিন্তু এখনো সেই বিতর্কের সম্মানজনক মীমাংসা ভারতীয় সাংসদেরা করে উঠতে পারেননি।
ভারতীয় সাংসদদের বেতন ও ভাতা বাড়ানোর অধিকার এখন পর্যন্ত তাঁদেরই হাতে। প্রতিটি সাধারণ নির্বাচনের পর নবগঠিত লোকসভার স্পিকার দুই কক্ষের ১৫ জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেন। সেই কমিটিই সাংসদদের বেতন ও ভাতা বাড়ানোর সুপারিশ করে। ইউপিএর আমলে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকাকালে ২০১০-১১ সালে শেষবার সাংসদদের বেতন বেড়েছিল। সেই সময় সোমনাথ চট্টোপাধ্যায় আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘আমরা নিজেদের বেতন ও ভাতা নিজেরাই বাড়াচ্ছি, এটা বড়ই দৃষ্টিকটু। সম্ভবত পৃথিবীর আর কোনো গণতান্ত্রিক দেশে এমন হয় না। এই ব্যবস্থার বদল হওয়া প্রয়োজন।’
প্রয়োজন অনুভূত হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সরকারি সূত্রের খবর, সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একই অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সংসদীয় কমিটির সুপারিশ হাতে পেয়ে তিনি তাঁর এই অভিমতের কথা মন্ত্রিসভার ঘনিষ্ঠ সদস্যদের জানিয়েছেন। মোদি বলেছেন, ‘এই লজ্জার হাত থেকে আমাদের বাঁচতে হবে। দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও ক্যাবিনেট সচিবদের বেতন-ভাতা বাড়ানোর যেমন একটি বিশেষ স্থায়ী ব্যবস্থা রয়েছে, সাংসদদের ক্ষেত্রেও তেমন হওয়া প্রয়োজন।’
যুগ্ম সংসদীয় কমিটির নেতা বিজেপির সদস্য যোগী আদিত্যনাথ। তাঁদের সর্বসম্মত সুপারিশ, সাংসদদের বেতন ও ভাতা ১০০ শতাংশ বাড়ানো হোক। বর্তমানে সাংসদদের মাসিক বেতন ৫০ হাজার রুপি। এ ছাড়া রয়েছে নির্বাচনী কেন্দ্র ভাতা, যা মাসে ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার রুপি করার কথা বলা হয়েছে। দিল্লিতে সাংসদদের থাকার বাড়ি সরকার দেয়। সেই বাড়ির আসবাব দেওয়ার দায়িত্বও সরকারের। সে জন্য সুপারিশ দেড় লাখ রুপির। প্রত্যেক সাংসদের বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য মাসে ১ হাজার ৭০০ রুপি দেওয়ার সুপারিশ। বিদ্যুৎ ও জল মেলে প্রায় বিনা পয়সায়।
শুধু এটুকুই নয়, ভারতের সাংসদদের পাওনা আরও অনেক কিছুই। বছরে চারবার সংসদের অধিবেশন বসে। এই চার অধিবেশনের শুরু ও শেষে সস্ত্রীক দিল্লি আসা-যাওয়ার এক্সিকিউটিভ ক্লাসের বিমান টিকিট সাংসদেরা বিনা মূল্যে পান। অর্থাৎ, সাংসদপিছু মোট ১৬টি (সস্ত্রীক) টিকিট। এর বাইরে বছরে দেশের যেকোনো প্রান্তে যাওয়া-আসার জন্য মোট ৩২টি বিমানযাত্রা (এক্সিকিউটিভ ক্লাস) ফ্রি। প্রত্যেক সাংসদই একাধিক সংসদীয় কমিটির সদস্য হন। সেই কমিটির বৈঠকে যোগ দেওয়া ও কেন্দ্রে ফেরত যাওয়ার জন্য আলাদা বিমান টিকিট বিনা পয়সায়। প্রতিটি বিমানযাত্রার সময় রাহা খরচ মেলে বিমান টিকিটের দামের এক-চতুর্থাংশ। সহজ হিসাব, কলকাতা-দিল্লি প্রথম শ্রেণির বিমানভাড়া যদি ৪০ হাজার রুপি হয়, তাহলে ১০ হাজার রুপি সাংসদ পাবেন রাহা খরচ হিসেবে। প্রতিদিন সংসদে হাজিরা দিলে মেলে দৈনিক ২ হাজার রুপি। এ ছাড়া প্রায় বিনা মূল্যে ল্যাপটপ, মুঠোফোন, নামমাত্র সুদে গাড়ি কেনার ঋণ। নির্বাচনী কেন্দ্র ও দিল্লি—দুই জায়গায় দুজন সহকারী রাখতে পারেন একজন সাংসদ। সহকারীদের বেতন বাবদ সরকার দেয় মাসে ৩০ হাজার রুপি। একবার সাংসদ হলেই আজীবন পেনশন পাওয়া যায়। ন্যূনতম পেনশন মাসে ২০ হাজার রুপি। কমিটির সুপারিশ পেনশনের অর্থ ৭৫ শতাংশ বাড়ানোর। সাবেক সাংসদেরা আজীবন একজন সঙ্গীসহ দেশের যেকোনো প্রান্তে যতবার খুশি যেকোনো ট্রেনের যেকোনো শ্রেণিতে ভ্রমণ করতে পারেন। সাবেক সাংসদদেরও চিকিত্সার খরচ সরকারি হাসপাতালে বিনা পয়সায় হয়। সংসদীয় কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে দেশে-বিদেশে যান। এর যাবতীয় খরচ সরকারের। যুগ্ম সংসদীয় কমিটি সুপারিশ করেছে, এ ধরনের ভ্রমণে সাংসদদের ভাতা ৭৫ শতাংশ বাড়ানো হোক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক সূত্র অনুযায়ী, সুপারিশ গ্রাহ্য হলে বছরে সরকারকে আড়াই শ কোটি রুপি বাড়তি খরচ করতে হবে।
সাংসদদের দাবি, জনপ্রতিনিধিদের খরচের কোনো সীমা-পরিসীমা নেই। মেয়ের বিয়ে, ছেলের লেখাপড়া, বাবা-মায়ের অসুস্থতা, দুর্ঘটনাসহ নির্বাচনকেন্দ্রের মানুষের হাজারটা আবদার ও দাবি জনপ্রতিনিধিদের মেটাতে হয়। সে জন্য খরচ হয় বিপুল অর্থ। কোনো কোনো সাংসদের মতে, গাড়ির তেল ও তার চালকের বেতন দিতেই মাস-মাইনের সব টাকা খরচ হয়ে যায়। বেতন ও ভাতা না বাড়ালে সাংসদদের অসাধু হতে হয়।
সরকারি সূত্রের মতে, বেতন বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেননি। তাঁর প্রশ্ন পদ্ধতি নিয়ে। সেই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে ভবিষ্যতে সাংসদেরা এই দায়িত্ব থেকে মুক্ত হবেন কি না।