সাংসদদেরও ঢুকতে দেওয়া হলো না আসামে
আসামের বিপন্ন বাঙালির পাশে দাঁড়াতে পারলেন না ভারতের জাতীয় সংসদের ছয় সদস্য। একই অবস্থা পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়কেরও। দলের প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার তাঁরা আসামের শিলচরে আসেন। কিন্তু শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে আটকে দেওয়া হয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
তৃণমূল প্রতিনিধিদলের অভিযোগ, তাঁদের মারধর করা হয়। অন্যদিকে রাজ্য পুলিশের পাল্টা অভিযোগ তৃণমূল সাংসদদের আক্রমণে দুই নারী পুলিশ সদস্য আহত হন। সন্ধ্যায় তাঁদের শহরের অতিথিশালায় আটকে রাখে পুলিশ। তবে তৃণমূল সাংসদদের দাবি, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কথা জানায়নি।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন দুপুরে তৃণমূলের ছয় সাংসদ শিলচর আসেন। তাঁদের সঙ্গে এক বিধায়কও ছিলেন। পরের বিমানে আসেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁদের সবাইকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তার আগেই অবশ্য আসামের কাছাড় জেলায় জারি করা হয় ১৪৪ ধারা। জানা গিয়েছে, পুলিশ তাঁদের বাধা দিলে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার মোবাইলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, বিনা প্ররোচনায় তাঁদের মারধর করা হয়েছে। একই অভিযোগ তৃণমূল সাংসদ শুখেন্দু শেখর রায়েরও। নারীরাও পুলিশের হাত থেকে ছাড় পাননি বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে রাজ্য পুলিশের প্রধান কুলধর শইকিয়া সাংবাদিক জানান, এনআরসি (নাগরিক অধিকার পঞ্জীকরণ) নিয়ে কোনো ধরনের অশান্তি তাঁরা চান না। তাই তৃণমূলের প্রতিনিধিদলটিকে শিলচরে না যাওয়ার অনুরোধ করা হয়।
তৃণমূল সাংসদদের ওপর পুলিশের মারধরের অভিযোগ অস্বীকার করে রাজ্য পুলিশ প্রধানের পাল্টা অভিযোগ, দুই নারী পুলিশ সদস্যকে কর্তব্যরত অবস্থায় আহত করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। পুলিশ সদস্যদের ওপর হামলা বরদাশত করা হবে না।’
তৃণমূল সাংসদদের আসামে ঢুকতে না দেওয়া তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। স্থানীয় সাংসদ সুস্মিতা দেব এদিন সকালেই চিঠি লিখে রাজ্যের মুখ্য সচিবকে অনুরোধ করেন, সাংসদদের রাজ্য সফরে যেন কোনো বাধা না দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও জাতীয় সংসদের সদস্য ওপর ‘বেআইনি আক্রমণে’র তীব্র নিন্দা করেন সুস্মিতা। প্রথম আলোকে তিনি বলেন, ‘সাংসদদের নিজের দেশে এক রাজ্য থেকে অন্য রাজে যাতায়াতে কোনো বাধা নেই। আসামে যেটা হচ্ছে, সেটা পুরোপুরি অগণতান্ত্রিক।’ নিন্দা করেছে রাজ্যের বিভিন্ন গণসংগঠনও।
আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, বাংলা সাহিত্য-সংস্কৃতি সমন্বয় কমিটি, প্রভৃতি সংগঠন যৌথভাবে সাংসদদের আসতে না দেওয়ার নিন্দা জানায়। বিধায়ক কমলাক্ষ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রকাশ্য কর্মসূচিতে নয়, সাংসদেরা আসছিলেন সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে। তাঁদের বাধা দেওয়া অন্যায়।’ একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল মন্ত্রী-সাংসদদের আসতে না দিয়ে রাজ্যের ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতিই প্রমাণ করল সরকার।
অন্যদিকে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আসামে গৃহযুদ্ধ বাধাতে। তাই তাঁর দলের লোকদের পাঠিয়েছেন এ রাজ্যে। এ কথা তো তিনি নিজেই বলেছেন। তাই প্রশাসন উন্নয়নের ধারা বজায় রেখে রাজ্য নতুন করে অশান্তি সৃষ্টির চেষ্টাকে বন্ধ করে ঠিক করেছে।’
প্রসঙ্গত, এনআরসিতে ৪০ লাখের বেশি বাঙালির নাম বাদ যাওয়ায় প্রতিবাদে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তিন-তিনটি মামলা হয়েছে বলে এদিন রাজ্য পুলিশের ডিজি সাংবাদিকদের জানিয়েছেন।