সাইকেলে চেপে দপ্তরে গেলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহে এক দিন সরকারি গাড়ির বদলে সাইকেলে চেপে নিজের দপ্তরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের মণিপুর রাজ্যের বিজেপি দলীয় মন্ত্রী করম শ্যাম। কিছুদিন আগে দেওয়া এ কথা রেখেছেন তিনি। সাইকেলে চেপে গত শুক্রবার নিজের সরকারি আবাসন থেকে সচিবালয়ে যান তিনি।

রাজধানী ইম্ফলে গত ২৬ নভেম্বর সাইকেল রেসের উদ্বোধন করেন করম। সেখানে দূষণ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। দূষণের জন্য গাড়ির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়। বিজেপি শাসিত রাজ্যটির খাদ্য ও গণসরবরাহ দপ্তরের মন্ত্রী করম শ্যাম অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করেন, সপ্তাহে এক দিন তিনি ইম্ফলে গাড়ি ব্যবহার করবেন না। সাইকেলে চেপেই দপ্তরের কাজ সামলাবেন। সেই মতো শুক্রবার নিজের সরকারি আবাসন থেকে সচিবালয়ে সাইকেলে চেপেই পৌঁছান তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনেও যান সাইকেলে চেপেই।

পরে সাংবাদিকদের করম বলেন, দূষণ প্রতিরোধে সপ্তাহে তিনি একদিন সাইকেল ব্যবহার করবেন। অন্যদেরও তিনি পরিবেশদূষণ রুখতে সাইকেল ব্যবহারের আহ্বান জানান।

তবে বিরোধী মহল তাঁর এই সাইকেল আরোহণকে ভালো চোখে দেখেনি। গতকাল শনিবার এ ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাবেক মুখ্যমন্ত্রী গইখাংগামের ভাষায়, ‘পুরোটাই নাটক’। শনিবার ইম্ফলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘মন্ত্রী সাইকেলে চেপে গিয়ে মিডিয়ায় ছবি ওঠাচ্ছেন। ভালো কথা। কিন্তু তাঁর গাড়িবহরও তো পিছু পিছু যাচ্ছে। তেল পুড়ছে। অযথা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যানজটের কবলে।’

সমালোচনাকে অবশ্য পাত্তা দিতে নারাজ করম শ্যাম। তাঁর সাফ কথা, ‘পরিবেশের স্বার্থে এক দিন উৎসর্গ করেছি। সাইকেলে চেপে দূষণের বিরুদ্ধে প্রচার চলবে। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং আমাকে সমর্থন করেছেন। অন্যদের সমালোচনার কোনো অর্থ আমার কাছে নেই।’ পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘সৎ উদ্দেশ্য নিয়ে বিরোধীরা নাটক করছেন।’