সাইকেলে ১২০০ কিমি পাড়ি দেওয়া জ্যোতি হারাল তার বাবাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সাইকেলে বসিয়ে বাবাকে নিয়ে ১ হাজার ২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ১৫ বছরের জ্যোতি কুমারী
ছবি: টুইটার

অসুস্থ বাবাকে সাইকেলে বসিয়ে ১ হাজার ২০০ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া জ্যোতি কুমারী হারাল তার বাবাকে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে আজ মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়।

গত বছরের মার্চে ভারতে চলছিল করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউ। তখন মার্চে দেশজুড়ে চলছিল লকডাউন। সব যানবাহন বন্ধ হয়ে যায়, সেই সময় জ্যোতির রিকশাচালক বাবা অসুস্থ হয়ে পড়েন। উপায় না দেখে সে বাবাকে সাইকেলে চাপিয়ে হরিয়ানার গুরুগ্রাম থেকে বিহারে দারভাঙার বাড়ির উদ্দেশে রওনা দেয়। প্রায় অর্ধভুক্ত থেকে, সাত দিন সাইকেল চালিয়ে বিহারে পৌঁছায় তারা। এমনকি অর্থাভাবে টাকা ধার করে কোনোক্রমে ওই সাইকেল জোগাড় করেছিল জ্যোতি এবং তার বাবা।

আরও পড়ুন

কাজের খাতিরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসা লাখ লাখ শ্রমিক, অন্তঃসত্ত্বা নারী, শিশু যারা মাইলের পর মাইল হেঁটে বা সাইকেলে চেপে শত শত মাইল পাড়ি দিয়ে বাড়িতে রওনা দেয়, তাদের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল জ্যোতি।

কঠোর পরিশ্রম ও অনমনীয় চেষ্টার কারণে শুধু ভারতে নয়, জ্যোতি আলোচিত বিশ্বদরবারেও। জ্যোতি তার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পায়। বিস্ময়কন্যা জ্যোতির পড়াশোনা করানোর দায়িত্ব নেন বিহারের লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান। এমনকি জ্যোতি দশম শ্রেণির পরীক্ষায় পাস করার পর তাকে ট্রায়ালে ডেকে পাঠানোর কথা জানায় সাইক্লিং ফাউন্ডেশন অব ইন্ডিয়া। ‘সুপার থার্টি’খ্যাত আনন্দ কুমারও জ্যোতিকে আইআইটি-জেইই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবেন বলে জানান।