
ভারতের নির্বাচন কমিশন চায় অপরাধের দায়ে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়া হোক। গতকাল বুধবার ভারতের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলার শুনানির সময় এই মনোভাব জানিয়ে কমিশন বলেছে, অপরাধী সাংসদ ও বিধায়কদের এভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলে দেশের রাজনীতি স্বচ্ছ হবে।
ভারতে বর্তমান আইন অনুযায়ী কোনো ফৌজদারি মামলায় ২ বছরের বেশি শাস্তি হলে শাস্তির মেয়াদের সঙ্গে অতিরিক্ত ৬ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকে না। এই নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ মোট ১০ বছরের জন্য (৪ বছরের সাজার সঙ্গে আরও ৬ বছর) ভোটে দাঁড়ানোর অধিকার হারিয়েছেন। একইভাবে অধিকার হারিয়েছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা। নির্বাচন কমিশন এখন চায় এই অধিকার সারা জীবনের মতো কেড়ে নিতে।
গতকাল শুনানির সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন, অবিলম্বে একটা বিশেষ আদালত তৈরি করা হোক যেখানে শুধু রাজনীতিবিদদের বিরুদ্ধে আনা অভিযোগের মীমাংসা হবে। সর্বোচ্চ আদালত এর আগে জানিয়েছিলেন, এক বছরের মধ্যে রাজনীতিকদের বিরুদ্ধে আনা মামলাগুলোর নিষ্পত্তি করা দরকার। ২০১৪ সালের লোকসভা ভোটে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় ১ হাজার ৫৮১ জন বিধায়ক ও সাংসদ জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন আদালতে মামলা চলছে। সেই মামলাগুলোর কী হাল হয়েছে, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে তা জানানোর নির্দেশও সুপ্রিম কোর্ট দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর।
বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি নবীন সিনহা এই নির্দেশ দিয়ে বলেছেন, কতজন অভিযুক্ত হয়েছেন, কতজনই বা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তা জানানো হোক। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, রাজনীতিকে অপরাধমুক্ত করতে সরকারও আগ্রহী। মামলার দ্রুত নিষ্পত্তিরও পক্ষে সরকার। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত রাজনীতিকদের ভোটে লড়ার অধিকার সারা জীবনের জন্য কেড়ে নেওয়ার প্রস্তাবটি সরকার ভেবে দেখছে। নির্বাচন কমিশনের মতো ভারতের আইন কমিশনও এই প্রস্তাবের পক্ষে।