সাত দফা ভোট নিয়ে তৃণমূলে অসন্তোষ
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় ৫৪৩টি আসনের এবার নির্বাচন হচ্ছে ৭ দফায়। শুরু হবে ১১ এপ্রিল। শেষ হবে ১৯ মে। এই সাত দফা নিয়ে তৃণমূল কংগ্রেস অসন্তোষ প্রকাশ করেছে। সিপিএম, কংগ্রেস, বামফ্রন্ট বলছে, কয় দফা ভোট, তা বড় কথা নয়। তারা চায় নির্বাচন সুষ্ঠু হোক। তবে সন্তুষ্ট ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘এত দিন ধরে ভোট চলবে। অসুবিধা সাধারণ মানুষের। রমজানের মধ্যেও ভোট হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের সংখ্যালঘু মানুষদের অসুবিধা নিয়ে চিন্তিত।’ তিনি আরও বলেন, সাত দফায় ভোট হচ্ছে বলে তাঁরা মোটেও আতঙ্কিত নন।
তৃণমূল নেতা মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ভোটের পর বিজেপি বুঝবে কত ধানে কত চাল? মানুষ এবার ব্যালটে এর জবাব দেবে। এই রাজ্যে আইনশৃঙ্খলার যেটুকু সমস্যা আছে, তা বিজেপির জন্যই। একদিকে সাত দফা নির্বাচন হওয়ায় অসুবিধার কথা বললেও বিষয়টি সুবিধাজনক বলেন ফিরহাদ। বলেন, ‘এই তফসিল আমাদের দলকে সুবিধা করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যে নয়, গোটা দেশে প্রচারে যাওয়ার সুযোগ পেলেন। এটা বিজেপির জন্য অশনিসংকেত।’
ভোট কয় দফায় হচ্ছে, সেটা বড় নয়—বলছে সিপিএম, কংগ্রেস ও বামফ্রন্ট। তাঁরা চান নির্বাচন সুষ্ঠু হোক। সিপিএম ও কংগ্রেস বলেছে, কয় দফায় ভোট হচ্ছে, সেটা বড় কথা নয়। বড় কথা ভোট যাতে নির্বিঘ্নে হয়। মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নির্বাচন কমিশন নিশ্চিত করুক।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ভোট কয় দফায় হচ্ছে, সেটা গৌণ। আগে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার নিশ্চিত করুক। নিজের ভোট নিজে দিতে পারবেন কি না, তা নিশ্চিত করুক।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বলেছেন, অবাধ ও নিরপেক্ষ ভোট হচ্ছে কি না, সেটাই বড় কথা। এর আগে নির্বাচনেও দেখা গেছে, নির্বাচন কমিশনে বহু অভিযোগ জানানো সত্ত্বেও কমিশনের কর্মকর্তারা ঘুমিয়ে থেকেছেন।
এ বছর ৫ মে থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন পড়েছে ৬, ১২ ও ১৯ মে। তাই বিরোধী রাজনৈতিক দলগুলো রমজান মাসে ভোটের তারিখ বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান এবং প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র রমজানে ভোট না হওয়াই বাঞ্ছনীয় বলে মন্তব্য করেছেন।
বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করে বলেছেন, রমজান মাসে ভোটের কথা বলে তৃণমূল মুসলিমদের উসকাচ্ছে।
প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র বলেছেন, রমজানের তারিখ পুনর্বিবেচনা করতে তাঁরা নির্বাচন কমিশনে আবেদন করবেন।