সাত বছর ধরে কোমায় সাবেক মন্ত্রী
ভারতের কংগ্রেস দলীয় সাবেক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী প্রায় সাত বছর ধরে কোমায় আছেন। দিল্লির অ্যাপোলো হাসপাতালের কোমায় তিনি।
গতকাল বুধবার সাবেক এই মন্ত্রীর স্ত্রী দীপা দাসমুন্সী তাঁর স্বামীকে দেখতে হাসপাতালে যান। পরে তিনি বলেন, প্রিয়রঞ্জন হাসপাতালে একই অবস্থায় আছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
২০০৮ সালের ১২ অক্টোবর হৃদরোগ ও পক্ষাঘাতে আক্রান্ত হন মনমোহন সিং সরকারের মন্ত্রী প্রিয়রঞ্জন। তাঁকে দিল্লি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। সেখানে নয় দিন রাখার পর স্নায়ু-সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য তাঁকে নয়াদিল্লি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তিনি ওই হাসপাতালেই আছেন। তবে মাঝে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।
প্রিয়রঞ্জনকে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে রাজি হয়নি তাঁর পরিবার। প্রায় সাত বছর ধরে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।