সানি লিওনের চ্যালেঞ্জ নিলেন শেবাগ

অবশেষে বলিউড অভিনেত্রী সানি লিওনের ছোড়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ভারতের তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। আইপিএল ধারাভাষ্যে শেবাগের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন পর্নো তারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি।
আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, আজ রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচে ‘চটকদার ধারাভাষ্য’ নিয়ে শেবাগের সঙ্গে জুটি বাঁধছেন সানি লিওন।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি অ্যাপের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে ‘চটকদার ধারাভাষ্যে’ অংশ নেন সানি। পরে ধারাভাষ্যে কোনো তারকা ক্রিকেটারের সঙ্গে জুটি বাঁধার কথা টুইটারে জানান সানি। এরপরেই টুইটারে শেবাগ জানান, সানির চটকদার ধারাভাষ্যে তিনি বেশ মজা পেয়েছেন। এ কারণেই তিনি সানির সঙ্গে জুটি বাঁধতে রাজি আছেন।

টুইটারে সানি লিওনকে উদ্দেশ করে শেবাগ লিখেছেন, ‘আসুন, একসঙ্গে ধারাভাষ্য দিই। ইউসি নিউজের ইন্ডিয়া অ্যাপে আপনার সঙ্গে রাত আটটায় দেখা হচ্ছে। সানি লিওনজি, চটকদার ধারাভাষ্য নিয়ে আপনি প্রস্তুত তো?’
বীরেন্দ্র শেবাগ চ্যালেঞ্জ গ্রহণ করায় বেশ আনন্দিত সানি। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে শেবাগকে উদ্দেশ করে লিখেছেন, ‘হ্যাঁ, বীরু পাজি, আমি প্রস্তুত। আজ রাতে চটকদার ধারাভাষ্য নিয়ে মজা হবে। শ্রোতারাও আজ রাতে চটকদার ধারাভাষ্য শুনতে প্রস্তুত হয়ে যান।’