সাবেক ছিটমহলবাসীদের জন্য ভারতে অস্থায়ী আবাস
বাংলাদেশের ভেতরে থাকা সাবেক ১১১টি ভারতীয় ছিটমহলের ৯৮৭ জন বাসিন্দা ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতে তাঁদের পুনর্বাসনের জন্য কোচবিহার জেলার দিনহাটা, হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ মহকুমায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী ক্যাম্প।
আজ বুধবার বিকেলে বিলুপ্ত হওয়া ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেন।
এ বছরের ৩১ জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময়ের পর ভারতের ভেতর থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের ১৪ হাজার ৮৬৪ জনের সবাই ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের ভেতর থাকা ভারতের ১১১টি ছিটমহলের ৯৮৭ জন বাসিন্দা ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তাঁদের ভারতে ফিরে যাওয়ার কার্যক্রম শুরু হবে।
টিনের চাল দিয়ে নির্মিত এই সব অস্থায়ী আবাসগৃহে সাবেক ছিটমহলবাসীকে প্রথম পর্যায়ে রাখা হবে। পরবর্তীতে তাঁদের দেওয়া হবে স্থায়ী বাসগৃহ সহ অন্যান্য সুযোগ-সুবিধা।