সাবেক ছিটমহলবাসীরা ভারতে ভোটাধিকার পাচ্ছেন
পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে সাবেক ছিটমহলের বাসিন্দারা এবার ভোট দিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ভারতের লোকসভায় এ-সংক্রান্ত আইনের সংশোধনী কণ্ঠভোটে পাস হয়েছে।
‘দ্য ডিলিমেটেশন অ্যাক্ট অব ২০০২’ এবং ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট ১৯৫০’ নামে গতকাল দুটি আইনের সংশোধনী ভারতের পার্লামেন্টে পাস হয়েছে। এই দুই আইনের সংশোধনীর লক্ষ্য হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের সাবেক ছিটমহল এলাকার লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা এবং সাবেক ছিটমহলের বাসিন্দাদের ভোটাধিকার দেওয়া। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই দুই আইনের সংশোধনীর সিদ্ধান্ত হয়।
এই আইন পাসের পর এবার সাবেক ছিটমহল এলাকার লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। এর সঙ্গে সাবেক ছিটমহলবাসীরা ভোটাধিকার পাবেন। গত বছর ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। ভারতের ভূখণ্ডে ছিল বাংলাদেশের ৫১টি ছিটমহল আর বাংলাদেশের ভূখণ্ডে ছিল ভারতের ১১১টি ছিটমহল। ভারতের ভেতর থাকা বাংলাদেশি ছিটমহল থেকে কোনো নাগরিক বাংলাদেশে ফিরে না গেলেও বাংলাদেশের ভেতর থাকা ভারতীয় ছিটমহল থেকে ৯২১ নাগরিক এ দেশে ফিরে এসেছেন। ফলে ওই ৯২১ জনসহ ভারতে বসবাসকারী ১৪ হাজার ৮৬৪ জন সাবেক বাংলাদেশি ছিটমহলবাসীদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ এবার ভোটাধিকারের সুযোগ পেতে চলেছেন।