সাবেক ছিটমহলে উৎসবের ভোট
আটষট্টি বছরের সংগ্রামের পর সাবেক ছিটমহলের ‘দেশহীন’ মানুষেরা পেয়েছিলেন রাষ্ট্রীয় পরিচয়। একটি দেশের নাগরিক হয়েছিলেন তাঁরা। এবার ভোট দিতে পেরে সেই অধিকার যেন পূর্ণতা পেল। আর সেই আনন্দেই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার উৎসবে মাতলেন সাবেক ছিটমহলগুলোর প্রায় ১০ হাজার মানুষ।
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ছিল বাংলাদেশের ৫১টি ছিটমহল। এখানে বাংলাদেশের বাসিন্দা ছিল ১৪ হাজার ৮৬৪। আর বাংলাদেশে ছিল ভারতের ১১১টি ছিটমহল। সেখানে ভারতীয় বাসিন্দা ছিল ৩৮ হাজার ৫২১। গত বছরের জুলাই মাসে ছিটমহল বিনিময়ের চুক্তির পর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল থেকে কোনো বাসিন্দা ফিরে যাননি বাংলাদেশে। তবে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহলের ৯২২ জন ফিরে এসেছেন ভারতে।
সাবেক ছিটমহলের এই নতুন ভোটাররা কোচবিহারের পাঁচটি বিধানসভা আসনের ভোটার হয়েছেন। আসনগুলো হলো দিনহাটা, মেখলিগঞ্জ, শীতলকুচি, সিতাই ও তুফানগঞ্জ। গতকাল ভোট দিয়েছেন সাবেক ছিটমহল পোয়াতুরকুঠির বাসিন্দা সাদ্দাম মিয়া। তিনি গতকাল প্রথম আলোকে বললেন, ‘সত্যি বলতে কি, গত রাতে একটুও ঘুম হয়নি। অপেক্ষা করেছি আজকের সকালের জন্য।’
ভোটারদের কয়েকজন বলেন, শাসক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা তাঁদের হুমকি দিয়েছেন, বাঁচতে হলে ভোট দিতে হবে তৃণমূলের প্রার্থীকে। এসব হুমকি-ধমকির পরও ভোট দেওয়ার আনন্দ ছিল অটুট। কচুয়া ছিটমহলের বাসিন্দা কবির শেখ বলেছেন, ‘আজকের দিনটা আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। যেমনটা ৩১ জুলাই। কারণ সে দিন ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন হয়েছিল।’
ছিটমহল আন্দোলনের অন্যতম নেতা, সাবেক ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বললেন, ‘আজ স্বপ্ন বাস্তবায়িত হলো ছিটমহলবাসীর।’