সাবেক প্রেমিককে অ্যাসিড ছুড়ল মেয়েটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সাবেক প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষিপ্ত হয়ে মেয়েটি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের।

ভারতে প্রতিবছর এক হাজারেরও বেশি অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে পুরুষ নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। তবে নগর পুলিশ জানিয়েছে, পুরুষের ওপর নারীর অ্যাসিড নিক্ষেপের ঘটনা এখানে তারা এই প্রথম পেল।

বেঙ্গালুরু পুলিশের উপকমিশনার এমএন অনুচেট বলেন, গত এক যুগের কাগজপত্র থেকে দেখা গেছে যে কোনো পুরুষের ওপর নারীর অ্যাসিড নিক্ষেপের ঘটনা এটাই প্রথম। অ্যাসিডে জয়কুমার পুরুষোত্তমের ডান দিকের মুখমণ্ডল, কান, গলা ও কপাল ঝলসে গেছে। তবে চোখ ক্ষতিগ্রস্ত হয়নি।

৩২ বছর বয়সী পুরুষোত্তম পুলিশের কাছে দাবি করেন, তাঁর সাবেক প্রেমিকা লিদিয়া ইয়েসপল অ্যাসিড হামলার ঘটনা ঘটিয়েছেন। লিদিয়া তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তিনি হিন্দু আর মেয়েটি খ্রিষ্টান। দুজন দুই ধর্মের বলে তাঁর বাবা-মা এই সম্পর্ক মেনে নেননি। তিন মাস আগেই তিনি মেয়েটির সঙ্গে সম্পর্কের ইতি টানেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটি তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।

জয়কুমার পুরুষোত্তম কাজে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় অ্যাসিড হামলার শিকার হন। ঘটনার পরপরই আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর মেয়েটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েটিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।