ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর অবস্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তারা। তাঁরা প্রয়োজনে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন।
নয়াদিল্লিতে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে এ আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
বৈঠকে ‘র’ এবং সিআরপিএফ-প্রধানেরা অনুপস্থিত থাকার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল শংকর রায় চৌধুরী বলেন, ‘সরকারের দ্বিতীয় ব্যক্তি এই বৈঠকে সভাপতিত্ব করছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। “র” আর সিআরপিএফ-প্রধানেরা কোথায়? এই হামলা হচ্ছে সীমান্তের ওপারে পাকিস্তান থেকে।’
সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সাবেক জিওসি-ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল (অব.) বি এস জসওয়াল বলেন, ‘আমাদের সামরিক পদক্ষেপের দরজা খোলা রাখা উচিত, যাতে প্রয়োজনে বিশেষ স্থানগুলোয় আঘাত হানা যায়।’
লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন বলেন, ‘আত্মঘাতী হামলা প্রতিরোধ কঠিন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সব সময়ই সম্ভব।’
জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির ওপর অভিজ্ঞ মেজর (অব.) গৌরব আর্য বলেন, ‘আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না জেনেই পাকিস্তান বারবার সন্ত্রাসী হামলা চালাচ্ছে।’ তিনি অভিযোগ করেন, ‘কাশ্মীরে চলমান সমস্যাগুলো আসলে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর থেকে তৈরি করা।’