সামরিক-বাণিজ্য সহযোগিতায় ওবামা ও মোদির এক সুর

কেউ ভাবতেও পারেনি, ভারতের প্রজাতন্ত্র দিবসে একই দিনে এতগুলো ব্যতিক্রম ঘটে যাবে। যেমন ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি মাথায় শুরু হলো কুচকাওয়াজ। আমজনতার সঙ্গে প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বাকি সব গণ্যমান্যকে সেই বৃষ্টিতে ভিজতে হলো। এই প্রথম কোনো বিদেশি অতিথি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে এক গাড়িতে সওয়ারি না হয়ে, রাজপথে এলেন নিজের গাড়িতে। এক জোড়া ‘দ্য বিস্ট’ এই কারণেই ওয়াশিংটন থেকে দিল্লি উড়িয়ে আনা হয়েছে। আকাশে ভারী মেঘ থাকা সত্ত্বেও ভারতীয় বিমানবাহিনী তাদের প্রথামাফিক ফ্লাই পাস্ট করল আরও নিচু দিয়ে, যাতে উপস্থিত সোয়া এক লাখ মানুষ তা দেখে চমৎকৃত হন। খেয়ালি প্রকৃতি এবং এত ব্যতিক্রম নিয়ে ২০১৫ সালের ২৬ জানুয়ারি অনন্য হয়ে থাকল মার্কিন প্রেসিডেন্টের উজ্জ্বল উপস্থিতিতে।
এসব ব্যতিক্রম যদি দুই দেশের আরও কাছাকাছি আসার লক্ষণ হয়, তাহলে সেই লক্ষণ অচিরেই বাস্তবায়িত হতে চলেছে বলে ধারণা। এই ধারণা ফলপ্রসূ করতেই ওবামার সঙ্গে ভারতে উড়ে এসেছেন অন্তত ৩০টি মার্কিন কোম্পানির প্রধানেরা। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে ভারতীয় শিল্পোদ্যোগীরা দুই দফায় মিলিত হলেন বারাক ওবামা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে। প্রথমটি ইন্দো-ইউএস সিইও ফোরাম, দ্বিতীয়টি ইন্দো-ইউএস বিজনেস সামিটে। দুই অনুষ্ঠানেরই মূল সুর নরেন্দ্র মোদিরই বেঁধে দেওয়া। ‘মেক ইন ইন্ডিয়া’। অর্থাৎ, বিদেশিরা যা যা ভারতকে সরবরাহ করে, তাই করুক, কিন্তু ভারতেই তারা তা উৎপাদন করুক। এ জন্য ভারত তাদের সস্তায় জমি দেবে, শ্রমিক দেবে এবং যাবতীয় সুবিধা দেবে, যাতে বিপুল ভারতীয়ের কর্মসংস্থান হয়।
মোদির এই আহ্বানে সাড়া দিতেই বোধ হয় বারাক ওবামা সিইও ফোরামে বললেন, ‘ভারতের অগ্রগতির জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’ ওবামা আরও বললেন, ‘দুই দেশে আরও বিনিয়োগ দেখতে চাই, যার লক্ষ্য হবে জনকল্যাণ।’ বিনিয়োগে মার্কিন কোম্পানিগুলো যে সরকারি নিয়ন্ত্রণে স্বচ্ছতা দেখতে চায়, সে কথাও অকপটে বলেছেন ওবামা।
বিনিয়োগ আকর্ষণে উদার মোদি সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে। বললেন, বিনিয়োগে অতীতের জটিলতা বন্ধ হয়েছে। যেটুকু সমস্যা আছে, সত্বর তা দূর হবে। কর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও ছিল মোদির কথায়।
রাজপথে প্রতিবছরের কুচকাওয়াজের দুটি দিক থাকে। প্রথমে থাকে সামরিক ভারতের শক্তির একটা ঝলক, দ্বিতীয় ভাগে থাকে ভারতের বৈচিত্র্যময় ঐক্যের প্রদর্শন। প্রথম ভাগ যদি ওবামার উৎসাহ বৃদ্ধি করে থাকে, দ্বিতীয় ভাগ তাহলে ছিল মোদির স্বপ্ন বাস্তবায়নের ইঙ্গিতবাহী। যতগুলো ট্যাবলো গতকাল রাজপথে ছিল, তার চারটি ছিল মোদির প্রধান চার প্রকল্পের ঝাঁকিদর্শন—মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, জন ধন প্রকল্প ও বেটি বাঁচাও বেটি পড়াও।
ওবামা ভারতের সামরিক শক্তির যে প্রদর্শনী দেখলেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রাশিয়ার প্রাধান্য। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিকভাবে ভারত ছিল সোভিয়েত-ঘনিষ্ঠ। সোভিয়েতের পতনের পরও রুশ আধিপত্য প্রায় ২০ বছর জারি ছিল। কিন্তু ইদানীং মার্কিন সমরসম্ভার ভারতে বাজার তৈরি করেছে। ওবামা এদিন দেখলেন, রাশিয়ার তৈরি টি-৯০ ভীষ্ম ট্যাংক, আকাশ ক্ষেপণাস্ত্র, থ্রিডি পর্যবেক্ষণ রাডার, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার এবং মিগ-২৯কে-এর পাশাপাশি তাঁর দেশের তৈরি সি-১৭ গ্লোবমাস্টার থ্রি, সি ১৩০ হারকিউলিস পরিবহন হেলিকপ্টার ও পি৮-আই হেলিকপ্টার। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সম্প্রতি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীরা ভারতের নিরাপত্তাব্যবস্থাকে উপেক্ষা করেছেন। এ নিয়ে বেশ হইচই হয়েছে। এই মন্তব্য থেকে অন্তত এটা পরিষ্কার, সমরাস্ত্র কেনাবেচায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এখন নিতান্তই সময়ের ব্যাপার। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের মোট প্রতিরক্ষা সরঞ্জামের ৭৯ শতাংশ রাশিয়ার রপ্তানি। ২০১৩-১৪ সালে তা কমতির দিকে।
অর্থাৎ, ভারতের বাজার যে আমেরিকার কাছে ক্রমশ উন্মুক্ত হচ্ছে, ওবামা তা বিলক্ষণ জানেন। মোদি কিন্তু তাঁকে ব্র্যামোস ক্রুজ ক্ষেপণাস্ত্র, সুখোই এসইউ ৩০ এমকেও দেখালেন, যা ভারত-রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এই দেখনদারির মধ্য দিয়েই মোদি কিন্তু তাঁর ‘মেক ইন ইন্ডিয়া’ চাহিদারও একটা নমুনা রাখলেন। কিন্তু শুধু তৈরিই নয়, মোদির চাহিদা আরও একটু বেশি। ক্রমশ প্রযুক্তির হস্তান্তর। ক্ষমতায় ওবামা আরও বছর দুয়েক রয়েছেন। এর মধ্যেই তাঁকে দেশের শিল্পপতিদের ভারতমুখী হতে উৎসাহিত করতে হবে। দুই নেতাই আশাবাদী। গত দুই দিনে বারবার তাঁরা তার প্রমাণ রেখেছেন। এই সফর শুরু থেকেই ব্যতিক্রমী। বাণিজ্যের ক্ষেত্রে কতটা ইতিবাচক, আগামী দিনগুলোতে তা বোঝা যাবে।