সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে বাম দলের জোট
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ১৭ বামপন্থী দলের নতুন জোট গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সিপিএমের রাজ্য দপ্তরে ওই বৈঠকের আয়োজন করা হয়।
দলগুলো হলো সিপিআইএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপি, ডিএসপি, আর সিপিআই, মার্ক্সবাদী ফরোয়ার্ড ব্লক, বিবিসি, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টি, এসইউসিআই (সি), সিপিআইএমএল-লিবারেশন, সিপিআই-এমএল (সন্তোষ রানা), সিআরএলআই, কমিউনিস্ট পার্টি অব ভারত, পিডিএস এবং সিপিআইএমএল (কানু সান্যাল) । সভায় সিপিআইএমএল-কানু সান্যাল দলের কেউ উপস্থিত ছিলেন না। তাঁরা ওই জোটে থাকার কথা জানিয়ে দিয়েছেন।
ওই জোট পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার ভয়াবহ দিকগুলো প্রচার করবে। একই সঙ্গে আগামী নভেম্বরে কলকাতায় এই জোট এক মহাসম্মেলনেরও আয়োজন করবে।
বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা বাড়লে সংখ্যালঘু সাম্প্রদায়িকতাও বাড়ে। আমরা দুই ধরনের সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিরুদ্ধে । তিনি বলেন, বিজেপি গোটা দেশে যেভাবে সাম্প্রদায়িকীকরণে মদদ দিচ্ছে, তা ভয়ংকর। আমরা সব ধরনের সন্ত্রাসবাদেরই বিরুদ্ধে। তবে যাকে-তাকে ধরে সন্ত্রাসবাদী বলা ঠিক নয়।