সাম্প্রদায়িকতার রাজনীতি বিহারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহার ভোটযুদ্ধের ঠিক মাঝপথে যুযুধান দুই শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো সাম্প্রদায়িক প্রচারের অভিযোগ তুলে। গতকাল শুক্রবার প্রথমে বিজেপি, তারপর মহাজোটের নেতারা।
বিজেপি প্রতিনিধিদলে ছিলেন সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার বিহারে এক জনসভায় তিনি বলেন, ভুল করেও যদি বিজেপি হেরে যায়, তাহলে পাকিস্তানে আনন্দে বাজি পুড়বে। গতকালই মহাজোটের নেতারা অভিযোগ করেন, অমিত শাহর ওই মন্তব্য সরাসরি সাম্প্রদায়িকতায় উসকানি। গতকাল বিজেপি সভাপতি অন্য দলীয় নেতাদের নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে মহাজোটের নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচার চালানোর অভিযোগ জানান। এক ঘণ্টা পর একই অভিযোগ করেন কংগ্রেস, জনতা দল (সংযুক্ত) ও আরজেডি নেতারা। তাঁদের অভিযোগ, বিজেপি নানাভাবে সাম্প্রদায়িক জিগির তুলে ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে। গরুর মাংস নিষিদ্ধকরণ তার একটা বড় প্রমাণ। সিপিএমের পলিটব্যুরোও সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
পাকিস্তান নিয়ে অমিত শাহ এই মন্তব্য কেন করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চায়ের কাপে ঝড় উঠেছে। প্রশ্ন, অমিত কেন বললেন ‘যদি বিজেপি হেরে যায়’? তবে কি বিজেপির বিহার জয় হচ্ছে না? মহাজোটের নেতারা নির্বাচন কমিশনকে বলেছেন, হেরে যাওয়ার আশঙ্কায় বিজেপি এখন পাকিস্তানকে টেনে এনে হিন্দু ভোট কাছে টানতে আগ্রহী। মহাজোটের দাবি, প্রথম দুই দফার ভোটে তারা অনেকটাই এগিয়ে। তৃতীয় দফায় বিজেপির বিশেষ সুবিধা হয়নি। পরের দুই রাউন্ড নিয়েও তারা সংশয়ে। মরিয়া অমিত শাহ তাই ধর্মীয় মেরুকরণের রাস্তায় নেমেছেন।
নীতিশ কুমার ‘বিহারি’ বনাম ‘বাহারি’ (বাইরের লোক) প্রসঙ্গ তুলেছিলেন বিজেপি মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নটি উহ্য রাখায়। মোদিকে ‘বাহারি’ উল্লেখ করে নীতিশের প্রশ্ন, বিহারের ভাগ্য বিহারবাসী ঠিক করবে না বাইরের কেউ? এত দিন মোদি ‘বাহারি’ নিয়ে তেমন সরব হননি। কিন্তু গতকাল মুজফফরপুরের জনসভায় তিনি বাহারি প্রসঙ্গে সরাসরি সোনিয়া গান্ধীকে টেনে আনেন। জানতে চান, তিনি যদি বাহারি হন, সোনিয়া গান্ধী তা হলে কী? কংগ্রেস বলেছে, কোণঠাসা বিজেপি কতটা মরিয়া এ থেকেই তার প্রমাণ মিলছে।