সাম্প্রদায়িক হামলায় উদ্বেগ সুষমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নয়াদিল্লির গভীর উদ্বেগের বিষয়টি তুলে ধরতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

গতকাল রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় সুষমা স্বরাজ এ কথা লিখেছেন।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রতিক হামলার পর গত এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো উদ্বেগ জানাল ভারত। এর আগে গত বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ নিয়মিত ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

গতকাল দুপুরে ‘টেম্পলট্রি’ নামে একটি টুইট অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বড় পরিসরে সহিংসতা চলছে। তাদের ঘরবাড়ি ও মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দয়া করে কিছু করুন।’

টেম্পলট্রির ওই টুইটের জবাবে সুষমা লিখেছেন, ‘আমি ঢাকায় ভারতের হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের গভীর উদ্বেগ তুলে ধরতে বলেছি।’