সারদা-কাণ্ডে এবার অপর্ণাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কলকাতার বিশিষ্ট তারকা অপর্ণা সেনকে তলব করেছে। অপর্ণা সেন সারদা গোষ্ঠীর একটি পত্রিকার সম্পাদক ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত জানতেই আজ সোমবার অপর্ণা সেনকে ডেকে পাঠিয়েছে ইডি।

সারদার মিডিয়া সেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এর আগে সাংবাদিক কুণাল ঘোষ এবং নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অপর্ণা সেন আজ ইডির দপ্তরে দেখা করেছেন। ইডির কর্মকর্তারা সারদার পত্রিকার সম্পাদক হিসেবে সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন বলে সংবাদমাধ্যমের খবরে প্রকাশ হয়েছে।

অন্যদিকে সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে তলব করেছে ইডি। তাঁকে সিমেন্ট কারখানা বিক্রিসংক্রান্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। শ্যামাপদ মুখোপাধ্যায় বাজারদরের চেয়ে বেশি দামে সারদার কাছে তাঁর সিমেন্ট কারখানা বিক্রি করেছিলেন। আর এই বিক্রির মধ্যস্থতা করেছিলেন এক নেতা। ওই নেতা সম্পর্কে জানার জন্য বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে।