সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কুনালের আত্মহত্যা চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যার হুমকির তিন দিনের মাথায় ঘুমের ওষুধ খেয়ে সে চেষ্টা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষ। তিনি রাজ্যের আলোচিত সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্ত।
গত বৃহস্পতিবার রাতে কলকাতার প্রেসিডেন্সি কারাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুনাল ঘোষকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে৷ সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে গতকাল সন্ধ্যায় চিকিৎসকেরা জানিয়েছেন।
গত সোমবার আদালতে শুনানির সময় কুনাল ঘোষ বলেন, সারদার আর্থিক কেলেঙ্কারিতে অনেক রাঘব বোয়াল জড়িত। অথচ কেবল তিনিই একা জেলে পচছেন৷ তিন দিনের মধ্যে তাঁকে জামিন দেওয়া এবং অন্যদের ধরা না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
কুনাল ঘোষ কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ প্রতিদিন-এর কার্যনির্বাহী সম্পাদক এবং সারদা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১২ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন৷ কিন্তু সারদার আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যে তোলপাড় সৃষ্টি হওয়ার পর গত বছরের নভেম্বরে তাঁকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ৷ এর আগে সেপ্টেম্বরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি জানান, ওই কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তাঁর দলের একাধিক নেতা ও মন্ত্রী জড়িত।
সারদার কেলেঙ্কারির বিষয়টি বর্তমানে তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্ত নিয়ে সিবিআইয়ের দাখিল করা প্রথম অভিযোগপত্রে কুনাল ঘোষের নাম আছে।
পুলিশ সূত্র জানায়, কুনাল ঘোষ আত্মহত্যার চেষ্টার আগে একটি ‘সুইসাইড নোট’ লিখে রাখেন। এতে ৫৮টি ঘুমের বড়ি খেয়েছেন বলে উল্লেখ করেন। 
এসএসকেএম হাসপাতালের পরিচালক প্রদীপ মিত্র গতকাল জানান, বৃহস্পতিবার রাত ৩০টার দিকে অচেতন অবস্থায় কুনাল ঘোষকে হাসপাতালে আনা হয়। এরপর দ্রুত তাঁর পাকস্থলী পরিষ্কার করা হয়। তিনি আলপ্রাজোলাম জাতীয় ঘুমের ওষুধ খেয়েছিলেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
কুনাল ঘোষের আইনজীবী সৌম্যজিৎ রাহার দাবি, কুনাল মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কথা আদালতকে জানানো হয়েছিল।
আদালতে বিচারকের সামনে আত্মহত্যার হুমকি দেওয়ার পরও কারাগারের ভেতরে কুনাল কী করে ঘুমের ওষুধ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাজ্যের কারামন্ত্রী হায়দর আজিজি সফি বলেছেন, ‘এখনো প্রমাণ হয়নি কুনাল ঘোষ ঘুমের ওষুধ খেয়েছেন কি না৷ ঘটনার তদন্ত চলছে৷’
এদিকে কুনাল ঘোষের আত্মহত্যার চেষ্টার ঘটনায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে প্রেসিডেন্সি কারাগারের সুপার নবীন সাহা ও সেখানে কুনাল ঘোষের চিকিৎসক গৌতম দাশগুপ্তসহ কয়েকজনকে। একই সঙ্গে এ ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷