সারদা কেলেঙ্কারিতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার ওরফে নিতু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে আট ঘণ্টা জেরা শেষে তাঁকে গ্রেপ্তার করে।

গত বছরের এপ্রিলে সারদা কেলেঙ্কোরির কথা ফাঁস হওয়ার পর রাজ্য সরকার পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। গঠন করা হয় বিশেষ তদন্ত কমিটিও। কিন্তু সেই কমিটি অভিযোগ ওঠা কয়েকজন নেতাকে ছাড় দেয়। চার মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই। তখন তদন্তে নামে সিবিআই।

২০১৩ সালের ৬ এপ্রিল সিবিআইকে লেখা চিঠিতে সারদার কর্ণধার সুদীপ্ত সেন পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা ও কয়েকজন সরকারি আমলার নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন, তাঁর কাছ থেকে তাঁরা নানাভাবে চাপ সৃষ্টি ও ভয় দেখিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। কোটি কোটি টাকাও নিয়েছেন।

এই চিঠি ফাঁসের পর রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নিলে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা ওঠে। সেই মামলায় এই প্রথম সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন নিতু সরকার। তাঁর সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর গ্রেপ্তারের খবরে রাজনৈতিক মহলে শঙ্কা দেখা দিয়েছে। থলের বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কা করছেন সবাই।

সারদার কর্ণধারের লেখা চিঠিতে নিতু সরকারের নামও ছিল। নিতুর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতি মাসে আর্থিক সুবিধা নিতেন। এ ছাড়া কোচ স্পন্সরশিপের জন্য তাঁকে এককালীন পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল। সিবিআই নিতুর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে।