সারদা কেলেঙ্কারিতে মিঠুন চক্রবর্তীকে সমন
সারদা গোষ্ঠীর চিটফান্ড দুর্নীতি মামলায় এবার প্রখ্যাত অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মিঠুন চক্রবর্তীকে সমন পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। এতে তাঁকে অবিলম্বে দেখা করতে অথবা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে অন্তত দুই কোটি রুপি নিয়েছেন। গত বছরের জুন মাসে মিঠুনকে ইডি ডাকলে তিনি মুম্বাইতে ইডির সঙ্গে দেখা করে বলেন, সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। ইডি এ সময় মিঠুনের কাছে কিছু কাগজপত্র চাইলে মিঠুন তা দিতে সম্মত হন। এ ব্যাপারে ইডিকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। কিন্তু পরে তিনি আর তা করেননি। তাই আবারও মিঠুন চক্রবর্তীকে সমন পাঠায় ইডি।
মিঠুনের আইনজীবী বিমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বা তাঁর মক্কেল মিঠুন চক্রবর্তী এখন পর্যন্ত ইডির কাছ থেকে কোনো নোটিশ পাননি।