সারদা কেলেঙ্কারিতে সিপিআইএম নেতাকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারি নিয়ে এবার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সিপিআইএমের নেতা ও সাবেক বিধায়ক রবীন দেব।


গত বৃহস্পতিবারই রবীনকে ডেকে পাঠায় সিবিআই। তবে তিনি কয়েক দিন পরে সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন জানিয়েও দলের নির্দেশে গতকাল শুক্রবারই সব কর্মসূচি কাটছাঁট করে সিবিআই দপ্তরে যান। প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।


সিবিআই সূত্র জানায়, প্রয়োজনে ফের রবীন দেবকে ডাকা হতে পারে। তবে সিবিআইয়ের অফিস থেকে বেরিয়ে তিনি জানান, সারদার একটি মামলার সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হয়েছে। সিবিআই ইতিমধ্যেই যাঁদের জেরা করেছে, তাঁদের মধ্যে কেউ তাঁর নাম উল্লেখ করেছেন। আর সে বিষয়ে জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়।


সারদা কেলেঙ্কারিতে রবীন দেবেন নাম জড়িয়ে পড়ায় সিপিআইএম খানিকটা অস্বস্তিতে রয়েছে।


সিবিআই সূত্র জানায়, সারদা গোষ্ঠী তারার যে চারটি চ্যানেল কিনেছিল, সেই কেনাবেচা প্রসঙ্গেই রবীন দেবের নাম ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এই গোটা লেনদেনে মধ্যস্থকারীর ভূমিকা পালন করেছেন।


ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদার আমানত কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত করছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও পশ্চিমবঙ্গের এক মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।