সারদা কেলেঙ্কারির ঘটনায় সিবিআইয়ের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারির মামলায় অভিযোগপত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই।
গতকাল বুধবার বিকেলে কলকাতার নগর দায়রা আদালতে সিবিআইয়ের কর্মকর্তারা তাঁদের আইনজীবীদের নিয়ে এই অভিযোগপত্র জমা দেন। প্রতারণা, চক্রান্ত, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে এই অভিযোগপত্র দায়ের করা হয়।
অভিযোগপত্র জমা দেওয়ার পর সিবিআইয়ের আইনজীবী আদালতের সামনে সাংবাদিকদের বলেন, অভিযোগপত্রে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ, সারদার অন্যতম কর্মকর্তা দেবযানী মুখোপাধ্যায়ের নাম উল্লেখ আছে।
সারদা গোষ্ঠীর টাকা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে বলে এর আগে বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জামায়াতে ইসলামী সব সময় এ খবর অস্বীকার করে আসছে।
সারদা গোষ্ঠী পশ্চিমবঙ্গের বেসরকারি একটি অর্থলগ্নিকারী সংস্থা বা চিটফান্ড। এই সংস্থা বেআইনিভাবে কয়েক হাজার কোটি টাকা তোলে। একসময় তারা কলকাতা ও আসামের ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেলও কিনে নেয়। কিন্তু পরবর্তী সময় এসব গণমাধ্যমের কর্মীদের বেতন দিতে বিলম্ব হওয়ায় ফাঁস হয়ে পড়ে সারদা কেলেঙ্কারি। সারদা সংস্থা অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে। সারদার কর্ণধার সুদীপ্ত সেন হঠাৎ করে কলকাতা থেকে গা ঢাকা দেন। পুলিশ তাঁকে জন্মু ও কাশ্মীরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে। সুদীপ্ত সেন এখনো কারাগারে।