সারদা কেলেঙ্কারির তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত সারদা আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত শেষ। ১৫ দিনের মধ্যে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এই মামলায় চূড়ান্ত অভিযোগপত্র পেশ করবে বলে আজ বুধবার কলকাতার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কাদের বিরুদ্ধে সিবিআই অভিযোগপত্র দেবে, তা জানতে আগ্রহী সবাই।

এই মামলায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ কুণাল ঘোষ, সঞ্জয় বসু, মদন মিত্রসহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তা ছাড়া মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাবেক সম্পাদক মুকুল রায় সারদার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।

বিরোধীদের দাবি, এই মামলা নিয়ে ইতিমধ্যেই মমতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমঝোতা হয়েছে। সিবিআই তাই এখন আর সারদার এই মামলাটি নিয়ে তৎপরতা দেখাচ্ছে না। ফলে এই মামলার অভিযোগপত্রে এবার আর নতুন করে কোনো নামী নেতা, মন্ত্রী, সাংসদ বা বিধায়কের নাম নাও আসতে পারে। অভিযোগপত্র হতে পারে কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ আমলার বিরুদ্ধে। রাঘব বোয়ালরা পার পেয়ে যাবেন বলেই বিরোধীরা মনে করছেন।