সারদা কেলেঙ্কারির মদন মিত্রকে প্রার্থী করছে তৃণমূল
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে বন্ধু, কাল সে শত্রু। অথবা আজ যে শত্রু, কাল সে বন্ধু হতে পারে। তাই ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়ে কারাবন্দী থাকা রাজ্যের সাবেক ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্রকে এবার আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে এতটুকু দ্বিধাবোধ করেনি।
মদন মিত্র সারদা কেলেঙ্কারি মামলায় ২০১৪ সালের ১২ ডিসেম্বর গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। কার্যত সেই থেকে এখন পর্যন্ত তিনি কারাবন্দী হিসেবেই আছেন। মাঝে কয়েক দিনের জন্য নিম্ন আদালত থেকে জামিন পেলেও সিবিআই কলকাতা হাইকোর্টে ওই জামিনের বিরুদ্ধে আপিল করে। কলকাতা হাইকোর্ট মদন মিত্রের জামিন বাতিল করে তাঁকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মদন মিত্র পশ্চিমবঙ্গের প্রভাশালী তৃণমূল নেতা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এত কিছুর পরও মদন মিত্রকে তৃণমূল নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করে বুঝিয়ে দিয়েছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
গতকাল শনিবার উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে তৃণমূলের এক সভায় তৃণমূল সাংসদ সৌগত রায় ঘোষণা দেন, মদন মিত্রকে এবারও এই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে।
এই ঘোষণায় অবশ্য বিরোধী শিবিরে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেস ও বাম দলের পক্ষ থেকে বলা হয়েছে, মমতা যে এসব নেতা ছাড়া চলতে পারেন না তা আরেকবার প্রমাণ করে দিলেন। তাঁরা এ কথাও বলেছেন, মমতা নিজেদের সৎ রাজনীতির ধারক-বাহক হিসেবে প্রচার করলেও এখনো এসব নেতার ওপর ভরসা করেই রাজনীতি করছেন।