সারদা তদন্ত শেষ ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র
ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত শেষ। ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এই মামলায় চূড়ান্ত অভিযোগপত্র পেশ করছে। কলকাতার সংবাদমাধ্যমে গতকাল বুধবার এ কথা প্রকাশিত হয়েছে।
আলোচিত সারদা মামলায় অভিযোগপত্র পেশ আসন্ন জেনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। জনসাধারণের আগ্রহও কম নয়। সিবিআই কাদের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করছে সেদিকেই রাজ্যের সবার নজর।
সারদা মামলার জেরে ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, মন্ত্রী মদন মিত্রসহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তা ছাড়া তৃণমূলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মুকুল রায়, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত বলেও অভিযোগ রয়েছে বিরোধীদের।
বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ করে বলেছে, এই মামলা নিয়ে মমতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমঝোতা হয়েছে। ফলে মামলায় আর নতুন করে তৃণমূলের কোনো বড় নেতা বা মন্ত্রীকে জড়ানো নাও হতে পারে। তবে কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ আমলার নাম থাকতে পারে অভিযোগপত্রে। আরও থাকতে পারে সারদার কয়েকজন এজেন্ট এবং কর্মীর নাম।