সারদা দুর্নীতি তদন্তে নতুন মোড়
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা দুর্নীতি মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। এই কেলেঙ্কারির তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করেছিলেন, সেই টিমের তিন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডার সেক্রেটারি এস পি আর ত্রিপাঠি এক চিঠি দিয়ে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের সচিবকে এই অভিযোগ তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কলকাতার দৈনিক যুগশঙ্খে এ-সংক্রান্ত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০১৩ সালের ১৪ এপ্রিল সারদাকাণ্ড ফাঁসের পর এই দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়।
এদিকে এই সারদাকাণ্ড ফাঁসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষ তদন্তকারী দল গঠন করেন। এর নেতৃত্বে রাখা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্য পুলিশের মহাপরিচালক সুরজিৎ কর পুরকায়স্থ এবং বিধাননগরের তৎকালীন গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষকে।
গত ১৯ জুন প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি দিয়ে সারদাকাণ্ডের তদন্তে নিযুক্ত আইপিএস কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাট, নথিপত্র নষ্ট এবং গোটা তদন্তপ্রক্রিয়াকে বিপথে চালিত করার অভিযোগ করেন তৃণমূলের বরখাস্ত হওয়া সাংসদ তথা সারদাকাণ্ডের অভিযুক্ত সাংসদ কুণাল ঘোষ। ওই চিঠির ভিত্তিতে ২ আগস্ট প্রধানমন্ত্রীর দপ্তর কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি এই অভিযোগও করেন, এই কাণ্ডে শাসক দলের যেসব নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে. তাঁদের একজনকেও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করেনি তদন্ত কমিটি। আরও অভিযোগ ওঠে, আদালতের নির্দেশে সারদাকাণ্ডের তদন্ত সিবিআই ও ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে চলে যাওয়ার পরও ওই দুই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তদন্তের কাজে কোনো সহযোগিতা করেনি তদন্ত দল।