সারদা মামলায় জেরা চলছে মদন মিত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের দাপুটে তৃণমূল নেতা এবং রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে জেরা করা চলছে। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার নয়াদিল্লিতে লোকসভা অধিবেশনে তৃণমূলের সাংসদেরা বিক্ষোভ দেখাবেন বলে গতকাল রোববার দলের বৈঠকে ঠিক হয়েছে।
মদন মিত্রকে শনিবার কলকাতার আলীপুর আদালতে তোলার পর আদালত তাঁকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তখন থেকে কাল পর্যন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাঁকে জেরা অব্যাহত রেখেছে। সিবিআই সূত্র থেকে বলা হয়েছে, মদন মিত্র সারদা থেকে পাওয়া অর্থ অন্য কাউকে দিতেন কি না, এই প্রশ্নের জবাব খোঁজার জন্য জেরা চলছে। তা ছাড়া তাঁর বিশাল সম্পত্তির উৎস কী, তারও খোঁজ নিচ্ছে সিবিআই। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠিও দিয়েছে গোয়েন্দা সংস্থাটি।
দল কী কর্মসূচি নিতে পারে, তার কৌশল ঠিক করতে মমতার কালীঘাটের বাড়িতে গতকাল সকালে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতারা। এখানেই আজ লোকসভার অধিবেশনে বিক্ষোভের সিদ্ধান্ত হয়। তা ছাড়া আজ থেকে কলকাতার ভবানীপুরে ‘রিলে অনশনে’ বসবেন মদন মিত্রের সমর্থকেরা।
গতকালও ধর্মতলার বিশেষ মঞ্চে তৃণমূলের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান। প্রতিদিনই এখানে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলবে প্রতিদিন এই প্রতিবাদ কর্মসূচি। আজ কলকাতায় ‘মহামিছিলও’ করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কর্মী-সমর্থকেরা গতকালও রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক ও ট্রেন অবরোধ এবং প্রতিবাদ সমাবেশ করেন।