সারদার পর এবার আই-কোর কর্ণধার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা চিট ফান্ড সংস্থা আই-কোরের কর্ণধার অনুকূল মাইতিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। গ্রেপ্তারের পর উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে তোলা হলে আদালত তাঁকে ১১ দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।

অনুকূলের বিরুদ্ধে কয়েক শ কোটি টাকা বেআইনিভাবে বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওডিশা ও ত্রিপুরায়ও বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে। আমানতকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সিআইডি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এর আগে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ও রোজভেলির কর্ণধার গৌতম কুন্ডুকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।