সারদা-কাণ্ডে সম্পূরক অভিযোগপত্রে মন্ত্রী মদনসহ ৪ জন আসামি

সারদা গ্রুপের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, তৃণমূলের দুই সাংসদ কুণাল ঘোষ ও সৃঞ্জয় বসুর বিরুদ্ধে আজ বুধবার বিকেলে কলকাতার আলীপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে সিবিআই। বিকেলে সিবিআইর কর্মকর্তারা আদালতে গিয়ে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে এই তিনজনকে ছাড়াও সারদার কর্ণধার সুদীপ্ত সেনের আইন উপদেষ্টা নরেশ ভালোরিয়ারের নাম রাখা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এই মামলায় সাতজনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দাখিল করে গত ১৭ নভেম্বর। এবার ১২০ পাতার সম্পূরক অভিযোগপত্রে চারজনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ আনা হয়েছে ষড়যন্ত্র, প্রতারণা এবং আর্থিক তছরুপের।
সিবিআই একই সঙ্গে অভিযোগপত্রে নাম আসা প্রত্যেককে আদালতের হেফাজতে নিয়ে বিচারপ্রক্রিয়া চালানোর আবেদন করেছে। এই চারজনের মধ্যে শুধু সাংসদ সৃঞ্জয় বসু জামিনে মুক্ত আছেন।
২০১৩ সালের এপ্রিল মাসে সারদার কর্ণধার সুদীপ্ত সেন হঠাৎ করে কলকাতা থেকে পালিয়ে গেলে সারদার অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। পরে জম্মু ও কাশ্মীরের একটি হোটেল থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে পুলিশ। সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ, সারদা সংস্থার অন্তত ২২ হাজার কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি।
সংস্থাটির অর্থ কারা কারা নিয়েছেন, তা কলকাতা ছাড়ার আগে সিবিআইয়ের কাছে লেখা এক চিঠিতে জানান সুদীপ্ত সেন। তাতে দেখা যায়, এর সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত। এ ঘটনায় পরবর্তী সময়ে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয়।
সারদা গোষ্ঠী পশ্চিমবঙ্গের বেসরকারি একটি অর্থ লগ্নিকারী সংস্থা বা চিটফান্ড। এই সংস্থা বেআইনিভাবে হাজার হাজার কোটি টাকা তোলে। একসময় তারা কলকাতা ও আসামের ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেলও কিনে নেয়। কিন্তু পরবর্তী সময়ে এসব গণমাধ্যমের কর্মীদের বেতন দিতে দেরি হওয়ায় ফাঁস হয়ে পড়ে সারদা–কাণ্ড।
সারদার আর্থিক দুর্নীতি–কাণ্ডে জড়িয়ে মদন মিত্র গত ১২ ডিসেম্বর কলকাতায় সিবিআইর হাতে গ্রেপ্তার হন।