সারদা-কাণ্ডে সিপিএমের তিন নেতা জড়িত: মদন
সারদার আর্থিক দুর্নীতি–কাণ্ডে সিপিএমের তিন নেতা জড়িত বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আজ শুক্রবার তিন দিনের সিবিআই হেফাজত শেষে কলকাতার আলীপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে এ দাবি করেন মদন মিত্র। সিপিএমের এই তিন নেতা হলেন রবীন দেব, মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী।
রাজ্য পুলিশের তদন্তে তাঁদের নাম আসেনি, তাহলে কেন এতদিন পর নামগুলো এল, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মদন মিত্র বলেন, ‘ওরা সিপিএম বলে সিবিআই ডাকছে না।’ আর কথা না বাড়িয়ে চলে যান মদন মিত্র। এদিকে সিপিএম নেতাদের অভিযোগ, মদন মিত্র সিবিআই জেরায় সারদার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা মুকুল রায়ের নাম যুক্ত থাকার কথা বলে দিয়েছেন।
তিন দিনের সিবিআই হেফাজত শেষে আজ বিকেলে মদন মিত্রকে কড়া নিরাপত্তায় আলীপুর আদালতে নিয়ে আসা হয়। আলীপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে মদন মিত্রের পক্ষে জামিনের প্রার্থনা করেন তাঁর আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, মদন মিত্র জামিনে ছাড়া পেলে সাক্ষ্যপ্রমাণ লোপাট করতে পারেন। সুতরাং তাঁকে জেলে রাখা হোক। এর পরই বিচারক মদন মিত্রের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ।