দক্ষিণ এশীয় উপগ্রহের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ সফলভাবে উৎক্ষেপণ করা হয় জিস্যাট-৯ সাউথ এশিয়া উপগ্রহ। ছবি: এএফপি
ভারতের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ সফলভাবে উৎক্ষেপণ করা হয় জিস্যাট-৯ সাউথ এশিয়া উপগ্রহ। ছবি: এএফপি

শুক্রবার বিকেল পাঁচটা তিন মিনিটে চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো জিস্যাট-৯ দক্ষিণ এশীয় উপগ্রহ। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে সার্বিক উন্নয়নের স্বার্থে এ উপগ্রহ উৎক্ষেপণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমরা একই পরিবারের সদস্য। এই উপমহাদেশের শান্তি, সমৃদ্ধি, প্রগতি ও সমগ্র মানবতার স্বার্থে আমরা এক হয়েছি।’ ভিডিও কনফারেন্সিং মারফত সাত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এ অনুষ্ঠানে যোগ দেন। মোদি সবাইকে স্বাগত জানান।
সার্ক সদস্যভুক্ত আট দেশের মধ্যে শুধু পাকিস্তান এই উপগ্রহের সঙ্গে নিজেদের যুক্ত করেনি। ভারতের এ প্রস্তাবের জবাবে তারা বলেছিল, তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচি আছে। উপগ্রহটি সফলভাবে কক্ষপথে স্থাপিত হওয়ার সময় থেকেই পাকিস্তান ছাড়া সার্কের বাকি সাত সদস্য দেশ এ থেকে প্রভূত উপকৃত হবে। বিভিন্ন ধরনের টেলি যোগাযোগব্যবস্থার উন্নতি ছাড়াও এই উপগ্রহের সাহায্যে প্রাকৃতিক বিপর্যয়ের আগাম হদিস পাওয়া এবং তার সুষ্ঠু মোকাবিলা করা সম্ভব হবে।
তিন বছর আগে প্রধানমন্ত্রী হয়ে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) বিজ্ঞানীদের নরেন্দ্র মোদি বলেছিলেন এমন একটা উপগ্রহ তৈরি করতে, যার দ্বারা দক্ষিণ এশিয়ায় সার্ক সদস্যভুক্ত দেশগুলো উপকৃত হতে পারবে। সেই থেকে এ উদ্যোগের শুরু। প্রাথমিকভাবে রাজি হয়েও শেষ পর্যন্ত পাকিস্তান এ প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয়। কাজ শেষ হয়ে গেলে গত ৩০ এপ্রিল ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উপগ্রহ সম্পর্কে বলেন, জিস্যাট-৯ আমাদের প্রতিবেশীদের জন্য এক অমূল্য উপহার হতে চলেছে। উন্নয়নের স্বার্থে এ উপগ্রহের অবদান হবে সুদূরপ্রসারী।
ইসরোর সাফল্যের পাগড়িতে এ উপগ্রহ সেই অর্থে আরও এক উজ্জ্বল পালক। ইসরো চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানান, গত ২৮ ঘণ্টার কাউন্টডাউনের পর অত্যন্ত সফলভাবে এ উপগ্রহ উৎক্ষেপণ হয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্বার্থে এ এক দৃঢ় পদক্ষেপ। উৎক্ষেপণের আগেই ইসরোকে অভিনন্দন জানিয়ে ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর টুইট করে বলেন, এ উপগ্রহ সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক, ভারত যা সব সময় কামনা করে এসেছে।
এ উপগ্রহের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোতে মজুত প্রাকৃতিক সম্পদের হদিসও পাওয়া যাবে। সম্ভব হবে সঠিক ভৌগোলিক ‘ম্যাপিং’। মোট ৪৫০ কোটি রুপি খরচে তৈরি এ উপগ্রহটি আগামী ১২ বছর কর্মক্ষম থাকবে।