সালমান খানের 'ধর্ষিত নারী' মন্তব্যে বিতর্ক

বলিউড তারকা সালমান খান নিজেকে ‘ধর্ষিত নারী’র সঙ্গে তুলনা করার পর তাঁকে ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন।
হিন্দি বাণিজ্যিক চলচ্চিত্রের বিপুল জনপ্রিয় তারকা সালমান খান বলেছিলেন, ছবির শুটিংয়ের কাজ এত বেশি কষ্টকর যে মাঝে মাঝে তাঁর নিজেকে ধর্ষিত নারীর মতো মনে হয়। সালমান খান অবশ্য এই বেফাঁস মন্তব্য করার পরপরই তা প্রত্যাহার করে নেন। কিন্তু ইতিমধ্যে অনেক গণমাধ্যমে তাঁর এই মন্তব্য প্রচারিত হয়ে যায়।
জাতীয় মহিলা কমিশন বলেছে, সালমান খান যদি আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে সমন জারি করা হবে।
অনলাইন সামাজিক যোগাযোগ–মাধ্যম টুইটারে ‘ইনসেনসিটিভ সালমান’ হ্যাশট্যাগে ইতিমধ্যে অনেকে তাঁর ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এর বিপরীতে ‘সালমান মিসকোটেড’ হ্যাশট্যাগে অবশ্য অনেকে তাঁর সমর্থনেও এগিয়ে এসেছেন। তাঁদের যুক্তি এই যে সালমান তাঁর মন্তব্য প্রত্যাহার করার পরও তা অনেক গণমাধ্যম প্রচার করেনি।