সাহসী সংস্কার এখনো দূর অস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নয়াদিল্লির মসনদে বসার পর ১০০ দিন হতে চলেছে। এই প্রেক্ষাপটে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যক্রম ও কর্মসূচির প্রাথমিক মূল্যায়ন। বলা যেতে পারে, তিনি দেশের ক্ষমতাবান অভিজাতদের একটি ঝাঁকুনি দিতে পেরেছেন। তবে অর্থনীতি পুনরুদ্ধারে কাঙ্ক্ষিত সাহসী সংস্কার এখনো দূর অস্ত।
গত মে মাসে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে। সংস্কারের বড় অঙ্গীকার নিয়ে আসা দলটির প্রথম বাজেটে খুব বিশেষ কিছু উল্লেখযোগ্য ছিল না। প্রথম অধিবেশনে দলটি কোনো আইনের পরিবর্তনও করেনি।
দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মনোজ যোশী বলেন, লোকজন মনে করেছিল মোদি প্রথম দিন থেকেই সবকিছু ঠিক করে ফেলবেন। তবে তিনি কিছুটা ধীরেই এগোচ্ছেন।
মোদির সাহসী নির্বাচনী ইশতেহারে দারিদ্র্যপীড়িত লাখো ভারতীয়ের উন্নয়নে বাজার অর্থনীতির সুচারু ব্যবহারের প্রতিশ্রুতি ছিল। তবে তাঁর সেই প্রতিশ্রুতিতে প্রথমেই বাধা পড়ল খাদ্যে ভর্তুকি দেওয়ার নীতিতে অটল থাকায়। মোদির সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে সমঝোতা করেনি এ বিষয়ে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে মোদি অন্তত দুটি রীতি ভাঙেন। এক. বুলেটপ্রুফ কাচের বেড়া ছাড়াই ভাষণ দেন। আর ভাষণটি ছিল অলিখিত। প্রশংসিত সেই ভাষণে তিনি নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে কথা বলেন। দুই. এক দশকের মধ্যে সবার জন্য পায়খানা তৈরি আর চরম দরিদ্রদের ব্যাংক হিসাব খুলে দেওয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন মোদি। সোভিয়েত ধাঁচে করা পরিকল্পনা কমিশন ভেঙে ফেলার ঘোষণা দিয়ে কিছুটা চমক জাগিয়েছেন।
দিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের অর্থনীতিবিদ বিবেক দেব রায় বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় লাগবে। মোদি তাঁর সব ভাষণে এটা পরিষ্কার করেছেন যে তিনি ১০০ দিনের লক্ষ্য ঠিক করায় বিশ্বাসী নন। তাঁর সরকারও কেবল ১০০ দিনের নয়। পরিবর্তন আনতে হলে প্রথমে তা আনতে হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং চলমান ধারাগুলো পাল্টাতে হবে।
পরিকল্পনা কমিশন ভেঙে ফেলার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে মোদি সরকারের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে। এই উদ্যোগ ব্যাপক প্রশংসাও পেয়েছে। নয়াদিল্লির দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ হিসেবে সমালোচিত আমলাতন্ত্রের বিরুদ্ধে তাঁর নেওয়া পদক্ষেপও জনপ্রিয়তা পেয়েছে।
নিরামিষভোজী এই প্রধানমন্ত্রী নিজেকে ‘এক নম্বর শ্রমিক’ হিসেবে পরিচয় দেন। নিজেকে এভাবে পরিচিত করার মধ্যে বিনয়ের ছাপ আছে। তবে সরকারে তাঁর কর্তৃত্ব বিপুল। মনমোহন সিংয়ের সময় মন্ত্রীরা নিয়মিত অপ্রকাশ্যে সরকারের নানা নীতির সমালোচনা করতেন। সাংবাদিকেরা বলছেন, এখন মন্ত্রীদের কথা বলা একদম নিয়ন্ত্রিত।
দ্য কারাভান সাময়িকীর রাজনীতিবিষয়ক সম্পাদক হরতোষ সিং বল বলেন, এগুলো প্রধানমন্ত্রীকে ঘিরে চরম এককেন্দ্রিকতার লক্ষণ।
মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় শুরু থেকেই তৎপর ছিলেন। কিন্তু সম্প্রতি পাক রাষ্ট্রদূতের সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক আলোচনা বাতিল হয়ে গেছে। ভারতীয় তরফের এ সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
এত কিছুর পরও এ সপ্তাহে চালানো এক জনমত জরিপ মোদির সরকারের প্রতি ব্যাপক সমর্থনেরই ইঙ্গিত দিচ্ছে। ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত হংস রিসার্চ গ্রুপের করা ওই জরিপে বলা হয়, ৭০ শতাংশ ভোটারই মোদির কাজকর্মে খুশি।