সাহসী সেই কিশোরীটি এখন একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের প্রথম দিককার ঘটনা। পশ্চিমবঙ্গের মালদায় ১৩ বছরের এক কিশোরী স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখে, কনের বয়স খুবই কম। বিয়েতে মজা করার চেয়ে এর প্রতিবাদ করাই মনস্থ করে সে। প্রশাসনকে জানিয়ে বন্ধ করে এই বাল্যবিয়ে। এর ফলে তখন রাতারাতি তারকা বনে গেলেও, এখন সেই বিউটি খাতুনই বখাটেদের অত্যাচারে একঘরে হয়ে পড়েছে। স্কুলে যাওয়াও বন্ধ হয়ে পড়েছে তার।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত জানুয়ারি মাসের ১৭ তারিখ বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছিল বিউটি। জেলার বাল্যবিয়ে বিরোধী প্রচারের প্রতীকে পরিণত হয়েছিল সে। কিন্তু এ ঘটনায় ওই বিয়ে বাড়ির লোকজনের রোষানলে পড়ে বিউটি। এরপর আবার কমবয়সী ছেলেরাও তাকে বিরক্ত করতে শুরু করে। স্কুলে যাওয়া-আসার পথে শুরু হয় উৎপাত। আর এলাকার বয়স্ক ব্যক্তিরা এসব দেখেও না দেখার ভান করতে থাকেন। ফলে একসময় বন্ধ হয়ে যায় বিউটির স্কুলে যাওয়া। এখন একপ্রকার একঘরে হয়ে রয়েছে সে।

ওই বাল্যবিয়ে ঠেকানোর কারণে বিউটির ওপর হামলাও চালানো হয়েছিল। আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল ওই কম বয়সী কনের আত্মীয়-স্বজনদের। তখন এই সাহসী কাজের জন্য বিউটিকে ‘মালদার মালালা’ বলে অভিহিত করেছিলেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নারী দিবসে বিউটির সাহসের প্রশংসা করেছিলেন। অথচ এখন সেই প্রতিবাদী কিশোরীকেই সহ্য করতে হচ্ছে উত্ত্যক্তকারীদের বখাটেপনা।

বিউটি বলেছে, প্রথম দিকে একাই বখাটেদের প্রতিবাদ করেছিল সে। কিন্তু প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। সবাই মুখে কুলুপ এঁটে ছিল। এতে উত্ত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়। বিউটির অভিযোগ, স্কুল থেকে বা টিউশনি থেকে ফেরার পথে তার ওপর শারীরিক নির্যাতনও চালায় বখাটেরা।

বাল্যবিয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এখন জামিনে কারাগার থেকে বের হয়ে এসেছে। যথারীতি বিউটিকে হুমকি দিচ্ছে তারা। ফলে কিশোরীটি স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়। তার মা ঝাঁসি বেগমের কথায়, ‘আমি চিন্তাও করতে পারি না যে, এত ভালো একটি কাজের জন্য আমার মেয়েকে এভাবে মূল্য দিতে হবে।’

বিউটি এখন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের লেখা বই পড়ে ঘুরে দাঁড়ানোর মনোবল সঞ্চয় করতে চাচ্ছে। এরই মধ্যে স্থানীয় শিশুকল্যাণ তহবিল (সিডব্লিউসি) তার পাশে দাঁড়িয়েছে। বিউটিকে নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন চৈতালি ঘোষ।