সাহারনপুর দাঙ্গায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন
ভারতের উত্তর প্রদেশের সাহারনপুরে গত মাসের সাম্প্রদায়িক দাঙ্গার তদন্ত প্রতিবেদনে স্থানীয় প্রশাসনের দুর্বলতাকে দায়ী করার পাশাপাশি স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গতকাল রোববার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে ওই প্রতিবেদন জমা দেয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি। খবর এনডিটিভির।
জমি নিয়ে বিরোধের জের ধরে সাহারনপুরে গত ২৬ জুলাই মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় তিনজন নিহত হয়। উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নরেশ আগরওয়াল বলেন, ‘প্রতিবেদনে দাঙ্গায় উসকানিদাতা হিসেবে বিজেপির এক সংসদ সদস্যের নাম আছে।’
বিজেপি এই প্রতিবেদনকে রাজনৈতিক ফায়দা হাসিলের পরিকল্পনা বলে বাতিল করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তদন্ত প্রতিবেদনের বিষয়ে বলেন, ‘এটা তাদের (সমাজবাদী দলের) দলীয় প্রতিবেদন। ওটা আমি দেখিনি, তাই এ নিয়ে কোনো কিছু বলব না।’
প্রদেশের বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী দাঙ্গার জন্য রাজ্য সরকার এবং বিজেপি—দুই পক্ষকেই দায়ী করেন। তিনি আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে আমরা একমত নই।