সিএএ-এনআরসি নিয়ে আপত্তি মোদিকে জানালেন মমতা

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিরুদ্ধে তিনি সোচ্চার এবং ভারতের রাজনীতিতে উত্তাপ ছড়ানো—এই দুই বিষয় নিয়ে নিজের আপত্তির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শনিবার দুদিনের সফরে কলকাতা এসেছেন নরেন্দ্র মোদি। তাঁর এ সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে নগরজুড়ে। প্রতিবাদকারীদের ক্ষোভের কারণও সিএএ ও এনআরসি। আজ কলকাতাজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেস, বাম দল ও এসইউসিআইয়ের সমর্থকেরা। সবার কণ্ঠে ছিল ‘গো ব্যাক মোদি’ ধ্বনি। আর হাতে ছিল কালো পতাকা।
আজ বিমানবন্দর থেকে রাজ্যপালের বাসভবন রাজভবনে যান মোদি। সেখানেই আজ বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে মোদি প্রথম বৈঠক করেন।
২২ মিনিটের এই বৈঠক শেষে মমতা বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছেন, তিনি মোদির কাছে রাজ্যের পাওনা ৩৮ হাজার কোটি রুপি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া তিনি কথা বলেছেন এনআরসি ও সিএএ নিয়েও। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন তাঁর আপত্তির কথা। এই রাজ্য মানবে না সিএএ ও এনআরসি।
মমতার সঙ্গে বৈঠকের পর মোদি বৈঠক করেন রাজ্যের বিজেপির নেতাদের সঙ্গে।