সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে চায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দীগ্রামে বিজেপির জনসভায় মুকুল রায় ও অন্যরা
ছবি: সংগৃহীত

বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায় বলেছেন, তাঁরা ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে শিল্পগোষ্ঠী টাটাকে। সাবেক তৃণমূল নেতা মুকুল বলেন, মমতার কথায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে ভুল করেছিলাম। আজ সেই ঘটনায় ভুগছে বাংলার যুব সম্প্রদায়। বিজেপি ক্ষমতায় এলে আমরা প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন করব টাটাকে এবার ফিরিয়ে আনুন সিঙ্গুরে। সিঙ্গুরে টাটাকে দেওয়া সেই কৃষিজমি আজও অনুর্বর। এবার সেখানে টাটা গড়ে তুলুক শিল্পকারখানা।

স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিজেপি আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, টাটার শিল্পকারখানা হলে এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে। এই রাজ্য শিল্পায়নের জন্য আরও এগিয়ে যাবে।

২০০৭ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে ছোট গাড়ি ন্যানোর কারখানা গড়ার জন্য সে সময়ের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীকে ৯৯৭ একর জমি লিজ দিয়েছিল। সেখানে গাড়ির কারখানা নির্মাণের কাজ শুরু হয়।

সে সময়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি মেনে নেননি। মমতা রাজ্যজুড়ে শুরু করেন টাটাবিরোধী আন্দোলন। তিনি দাবি করেন, সিঙ্গুরের কৃষিজমিতে ন্যানো গাড়ির কারখানা গড়তে দেওয়া হবে না।

মমতাও কলকাতা ছেড়ে সিঙ্গুরে একটানা ২৪ দিন অবস্থান ধর্মঘটে অংশ নেন। টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা সেদিন ঘোষণা দেন, তাঁরা আর এখানে গাড়ির কারখানা গড়বেন না। অন্যত্র চলে যাবেন। সেভাবে টাটা এই ন্যানো গাড়ির কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যায়।

জমি নিয়ে টাটা গোষ্ঠী আদালতে মামলা করে। মামলা ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট টাটার জমি সিঙ্গুরের জমির মালিকদের ফিরিয়ে দিতে হবে বলে রায় দেন। গাড়ির কারখানা নির্মাণ বন্ধেরও নির্দেশ দেন।