ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা কোম্পানির ন্যানো গাড়ির কারখানা গড়ার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার যে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করেছিল, তা অবৈধ বলে রায় দিয়েছেন। বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই ঐতিহাসিক রায় দেন। একই সঙ্গে ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
রায়ে বলা হয়েছে, যেসব কৃষক ওই সময় ক্ষতিপূরণের টাকা নিয়েছিলেন, তাঁদের সেই টাকা ফেরত দিতে হবে না। যাঁরা ক্ষতিপূরণ নেননি, তাঁরা ১০ বছর নিজেদের জমি ব্যবহার করতে পারেননি। অর্থাৎ তাঁরা জমির মালিকানা থেকে বঞ্চিত হয়েছেন এবং ক্ষতিপূরণও পাননি। তাই তাঁদের বর্তমান বাজারদরে ক্ষতিপূরণ দিতে হবে।
টাটার ন্যানো ব্র্যান্ডের গাড়ি তৈরির জন্য ২০০৬ সালে বামফ্রন্ট সরকার ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে তা টাটা গোষ্ঠীকে লিজ দিয়েছিল। তখন এই জমির মধ্যে অন্তত ৪০০ একর জমির মালিকেরা জমি দিতে আপত্তি তোলেন। এরপর ওই অনিচ্ছুক জমিদাতাদের নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলেন পশ্চিমবঙ্গের এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি আদায়ের লক্ষ্যে মমতা হুগলির সিঙ্গুরে টানা ২৬ দিন অনশন আন্দোলনও করেন।
মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর কৃষকদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগ নিলে টাটা গোষ্ঠী আদালতের দ্বারস্থ হয়।
এদিকে এই রায় ঘোষণার পর সিঙ্গুরজুড়ে আনন্দের বন্যা বইছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এ জয় সিঙ্গুরবাসীর, সিঙ্গুরবাসীর আন্দোলনের। মমতা এই বিজয়ে ২ সেপ্টেম্বর রাজ্যজুড়ে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছেন।