সিনেমা হলে তরুণীকে ধর্ষণ!
ভারতের হায়দরাবাদে সিনেমা হলের ভেতরে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ১৯ বছর বয়সী ওই তরুণীকে তাঁর ফেসবুক বন্ধু ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
হায়দরাবাদে প্রশান্ত থিয়েটারে সিনেমা দেখার সময় গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে।
শুক্রবার এনডিটিভির খবরে বলা হয়, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কান্দাকাতলা ভিক্ষাপতি (২৩) নামের এক তরুণের সঙ্গে গত সোমবার ওই তরুণী দেখা করেন। তখনই তাঁরা একসঙ্গে বহুল আলোচিত-সমালোচিত হিন্দি সিনেমা ‘পদ্মাবত’ দেখার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, সেদিন থিয়েটারে অল্পসংখ্যক দর্শক ছিল। সিনেমা দেখার সময় তাঁদের আসনের আশপাশে কেউ ছিল না। সিনেমা দেখার একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন ভিক্ষাপতি। ওই তরুণী এখন চিকিৎসাধীন। নির্মাণশ্রমিক ভিক্ষাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হলের ভেতর নিরাপত্তায় শিথিলতার অভিযোগে ওই থিয়েটারের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।