সিন্ধু অববাহিকার পানি সরিয়ে নিতে তৎপরতা বাড়াচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিন্ধু অববাহিকার নদীগুলো থেকে ভারত সর্বাধিক পানি সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চাপে রাখতেই ভারত এই উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সিন্ধু, চেনাব এবং ঝিলম—এই তিনটি নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হলেও চুক্তি অনুযায়ী এগুলোর বেশির ভাগ পানির হিস্যা পায় পাকিস্তান। ভারতীয় সূত্র জানিয়েছে, এই তিন নদীতে কয়েক বছরের মধ্যে ভারত বড় বড় জলাশয় নির্মাণ করবে এবং খাল খনন করে পানি সরিয়ে নেবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটি সরকারি টাস্কফোর্স এই পানি প্রকল্পের বিশদ দিকগুলো চূড়ান্ত করছে। তিনি নিজেও এটিকে প্রাধান্য দিচ্ছেন।
ভারতের এই পরিকল্পনায় পাকিস্তান অত্যন্ত অসন্তুষ্ট হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সিন্ধু অববাহিকায় ভারতের দুটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ইসলামাবাদ ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, পানি সরিয়ে নেওয়ার এই পরিকল্পনায় সিন্ধু চুক্তির বরখেলাপ হবে না।
গত সেপ্টেম্বর মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করে। সে কারণেই মনে করা হচ্ছে, এর মাধ্যমে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চাপে রাখতে চাইছে ভারত।
ভারতের এই পানি প্রকল্প নিয়ে পাকিস্তান এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধে্য চলমান দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে।