সিন্ধু চুক্তির ব্যত্যয় যুদ্ধের শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ৫৬ বছরের পুরোনো সিন্ধু চুক্তির কোনো ব্যত্যয় হলে তা যুদ্ধের শামিল হবে বলে গতকাল মঙ্গলবার মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সিন্ধু চুক্তির বিষয়ে ভারতের অবস্থানের বিষয়ে গতকাল কথা বলছিলেন আজিজ।
পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না—এ কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদের চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেওয়ার এক দিন পরই পাকিস্তান তার প্রতিক্রিয়া জানাল।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেয় ভারত।
সিন্ধু চুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের বিষয়ে সারতাজ আজিজ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত একতরফাভাবে এ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে না। দুই দেশের মধ্যে এভাবে কেউ চুক্তির লঙ্ঘন করলে তা যুদ্ধের মতো অবস্থা তৈরি করতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ভারত যদি চুক্তির লঙ্ঘন করে তবে পাকিস্তান জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে।
গত শতকের ষাটের দশকে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি অনুযায়ী কাশ্মীরে প্রবাহিত মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে, পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত। চুক্তি অনুযায়ী, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। পাওনা হলেও এত বছরে কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি।