সিন্ধুর পানি বণ্টন নিয়ে বসল ভারত ও পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস ধরে বাগ্যুদ্ধের পর সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সিন্ধু পানি বণ্টন কমিশনের এই বৈঠক বসে গত সোমবার। দুই দিনের এই বৈঠকে যোগ দেয় ভারতের ১০ সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে উভয় পক্ষ ভারতে মিয়ার নামে বিরোধপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প আপাতত বন্ধ রেখে নতুন করে পরিকল্পনা করার ব্যাপারে একমত হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
বৈঠকে আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দুই দেশ। পাকিস্তানের পানি ও বিদ্যুৎমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, দুই দেশ আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় আগামী ১১ এপ্রিল থেকে ওয়াশিংটনে সচিব পর্যায়ের আলোচনা হবে। সেখানে বিরোধপূর্ণ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হবে।
মিয়ারের নতুন পরিকল্পনা ছাড়াও লোয়ার কালনাই ও পাকাল দুল জলবিদ্যুৎ প্রকল্পও নতুন করে পরিদর্শন করার ব্যাপারে মতৈক্য হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি বণ্টন চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংক। ১৯৬০ সালে এটি স্বাক্ষরিত হয়।
বৈঠকের প্রথম দিন সোমবার পাকিস্তানের পানি ও বিদ্যুৎমন্ত্রী খাজা আসিফ বলেন, সিন্ধুর পানি বণ্টন সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য দুই দেশের উচ্চপর্যায়ে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র। তাদের ভূমিকার ফলেই পরিস্থিতি নমনীয় হয়। ভারত আলোচনার টেবিলে ফিরে আসে। ওয়াশিংটনের বৈঠকে ভারতের কিষাণগঙ্গা এবং রাটল জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও আলোচনা হবে। খাজা আসিফ বলেন, এই বিরোধপূর্ণ ইস্যু নিয়ে তিনি আগাম কোনো আশাবাদ ব্যক্ত করবেন না। ২০১৫ সালে বাতিল হয়ে যাওয়ার পর সরকারের প্রচেষ্টায় আবার আলোচনা হচ্ছে। পাকিস্তানের মন্ত্রী বলেন, ‘এখানে দুই দেশেরই স্বার্থ রয়েছে। আমরা আশা করছি আলোচনায় ইতিবাচক ফল পাব।’
বৈঠকে ভারতের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিন্ধু পানি কমিশনের ভারতীয় প্রধান পিকে সাক্সেনা এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন মির্জা আসিফ সাইদ। তিনি সিন্ধু পানি কমিশনের পাকিস্তানি কমিশনার।
গত বছর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাশিবিরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পরপর এক জরুরি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধুর পানি বণ্টন চুক্তি পর্যালোচনার হুমকি দেন। তিনি বলেন, ‘রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না।’ মোদির এ বক্তব্যের ধারাবাহিকতায় অনেক দিন ঝুলে থাকা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে উদ্যোগ নেয় ভারত। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বব্যাংকে নালিশ করে পাকিস্তান।
সিন্ধু পানি অনুযায়ী কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পুরোটা পাকিস্তানে যাবে। পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত।