সিপিআই নেতা এ বি বর্ধন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) বর্ষীয়ান নেতা অর্ধেন্দু ভূষণ বর্ধন (৯২) গতকাল শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেছেন। নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাঁর অবস্থা গুরুতর ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সিপিআইয়ের জাতীয় কমিটির সম্পাদক ডি রাজা বলেন, কমরেড বর্ধনের অবস্থার অবনতি হয়েছিল। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা সরিয়ে নেওয়ার পর গত শুক্রবার তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন। কিন্তু গতকাল তাঁর রক্তচাপের মাত্রা কমে যায়।
মহারাষ্ট্র রাজ্যে শ্রমিক আন্দোলন এবং বামপন্থী রাজনীতির নেতৃত্বে ছিলেন এ বি বর্ধন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৫৭ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হন তিনি। পরে তিনি সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হন। ১৯৯০-এর দশকে দিল্লির রাজনীতিতে যুক্ত হন এ বি বর্ধন। পরে সিপিআইয়ের সহসাধারণ সম্পাদক হন। ইন্দ্রজিৎ গুপ্তের পর তিনি ১৯৯৬ সালে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।