সিপিএমের তিন কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার চতুর্থ পর্বের নির্বাচন হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শাসক তৃণমূল কংগ্রেসের ছত্রচ্ছায়ায় দলীয় কর্মীদের ওপর এসব হামলা হয়েছে বলে বিরোধী বামফ্রন্ট এবং কংগ্রেস অভিযোগ করেছে।
গত সোমবার নির্বাচনের চতুর্থ পর্বে উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলার ৪৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের দিন বিভিন্ন আসনে জাল ভোট, বুথ দখল, ভোটদানে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে অভিযোগ বিরোধীদের।
সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাতেই পানিহাটিতে বিরোধী সিপিএমের কার্যালয় ভাঙচুর করেন তৃণমূলের সমর্থকেরা। এই কার্যালয় তিনটি পানিহাটির বটতলা, ঈশ্বর চ্যাটার্জি রোড এবং সরকারি আবাসন এলাকায় অবস্থিত। এ ছাড়া তৃণমূলের কর্মীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রীতিকুমার রায়ের উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের বাড়িতে হামলা চালান। প্রীতিকুমার বামফ্রন্টের সমর্থক। গতকাল মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দের দোকান পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। কংগ্রেস এ হামলায় তৃণমূলকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।