ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতৃত্বের অধিকাংশ যেমন সিপিএমের সঙ্গে জোটে আগ্রহী, সিপিএমেরও রাজ্য নেতৃত্বের অধিকাংশ এই জোটের পক্ষে। গতকাল বুধবার সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে অধিকাংশ সদস্য এই জোটের পক্ষে মত দিয়েছেন। রাজ্য নেতৃত্ব এই প্রশ্নে কেরালা ও ত্রিপুরার নেতাদের সঙ্গেও কথা বলবে।
পশ্চিমবঙ্গের সিপিএম রাজ্য কমিটির বৈঠক চলতি মাসের ১২ ও ১৩ তারিখে। সূত্রের খবর, সেই বৈঠকেই কংগ্রেসের সঙ্গে জোট-প্রসঙ্গ আলোচিত হবে। সেই বৈঠকের পরেই রাজ্য কমিটির অভিমত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটি প্রস্তাবটি বিবেচনা করে দলীয় নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
রাজ্য সম্পাদকমণ্ডলীর বুধবারের বৈঠকে উপস্থিত ১৮ জনের মধ্যে ১৪ জনই কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে মত দেন। চারজন বিরোধিতা করেন। গত সোমবার প্রদেশ কংগ্রেসের প্রথম সারির যে ১৭ জন নেতা কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, তাঁদের মধ্যে ১৫ জনই সিপিএমের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছিলেন।
সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক ১৬-১৮ ফেব্রুয়ারি। দলের সাবেক সম্পাদক প্রকাশ কারাত আগেই জানিয়েছেন, রাজ্য কমিটির রিপোর্ট ওই বৈঠকে বিবেচিত হবে। তিনি বলেছেন, দলীয় কংগ্রেসে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেই নিরিখেই রাজ্য কমিটির রিপোর্ট বিবেচিত হবে।
কেরালা ও ত্রিপুরার নেতারা কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধী। এই দুই রাজ্যে সিপিএমের লড়াই একমাত্র কংগ্রেসের সঙ্গেই। ত্রিপুরায় কংগ্রেস ক্ষীণ বল হলেও কেরালায় নয়। সেখানে তারা ক্ষমতায়। কেরালায় অবশ্য পাঁচ বছর অন্তর সরকার বদলায়। সেই অনুযায়ী এ বছর বামপন্থীরাই সরকার গড়ার মতো জায়গায় রয়েছে। তার ওপর কংগ্রেসের মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী দুর্নীতির অভিযোগে বেকায়দায়। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মেলালে তার বিরূপ প্রতিক্রিয়া কেরালায় পড়তে পারে বলে আশঙ্কা। একই হাল কংগ্রেসেরও। এই দলের কেরালার নেতারাও কোনো রাজ্যেই সিপিএমকে দোসর দেখতে চায় না।
ত্রিপুরায় সীতারাম ইয়েচুরি
ত্রিপুরা প্রতিনিধি জানান, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলা বিমানবন্দরে প্রথম আলোকে জানান, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাদের বৈঠকে কী সিদ্ধান্ত নেয়, তা দেখেই সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।
কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, দলে এ বিষয়টি নিয়েও আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের রাজ্য নেতাদের বক্তব্য।