সিপিএমের সঙ্গে জোটে নারাজ ত্রিপুরা কংগ্রেস
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের একটা বড় অংশ জোট চাইলেও একমাত্র সিপিএম শাসিত রাজ্য ত্রিপুরার নেতারা কোনো অবস্থাতেই বামদের সঙ্গে জোটে যেতে নারাজ। নিজেদের এই মনোভাব দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েও এসেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। দলের মুখপাত্র তাপস দে প্রথম আলোকে জানিয়েছেন, সিপিএম-বিরোধিতার প্রশ্নে প্রদেশ কংগ্রেসে কোনো বিরোধ নেই। অন্যদিকে ত্রিপুরায় সিপিএমের সাধারণ সম্পাদক বিজন ধরও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কংগ্রেসের সঙ্গে বামদের জোট অবাস্তব কল্পনা।
ত্রিপুরায় সিপিএমের সবচেয়ে বড় প্রতিপক্ষ কংগ্রেস। রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ১০টি কংগ্রেসের। বাকি ৫০টিই সিপিএমের নেতৃত্বাধীন বাম জোটের। বিজেপির সাম্প্রতিক উত্থানের পরও মূল লড়াই কংগ্রেস বনাম সিপিএমে। এ অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে হারাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটা বড় অংশ ওই রাজ্যে সিপিএমের সঙ্গে জোট চাইছেন। তাঁরা ইতিমধ্যেই দিল্লিতে নিজেদের অবস্থান জানিয়ে এসেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে। এর পাল্টা হিসেবে ত্রিপুরার কংগ্রেস সভাপতিও দিল্লিতে জোটের বিপক্ষে দরবার করছেন বলে রাজ্য কংগ্রেসের মুখপাত্র তাপস দে জানিয়েছেন।